সাপ্তাহিক ছুটির দিন, সেঞ্চুরির অপেক্ষায় শচীন টেন্ডুলকার। সকাল থেকেই চিদাম্বরমের সামনে লম্বা লাইন, খেলা শুরু হতে হতে গ্যালারি প্রায় পূর্ণ। কিন্তু স্বপ্নের এক বলে স্বপ্নের মৃত্যু সাতসকালেই। অফ স্পিনার নাথান লায়নের বিশাল টার্ন কেড়ে নিল টেন্ডুলকারের প্রাণ। ২৬ মাসের টেস্ট সেঞ্চুরির প্রতীক্ষা দীর্ঘ হলো আরও। পিনপতন গ্যালারি। কিন্তু ছুটির দিনের ভরা গ্যালারি কি এভাবে চুপসে থাকতে পারে? গর্জে উঠল ঘরের ছেলের ব্যাট, উল্লাস ছড়াল গ্যালারি। এই ‘ঘরের ছেলে’ বিজয় বা অশ্বিন নন। মহেন্দ্র সিং ধোনি। আইপিএলে পাঁচ মৌসুম চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়ে ঝাড়খন্ডের ধোনি হয়ে উঠেছেন চেন্নাইয়ের ঘরের ছেলে! তৃতীয় দিনেই পঞ্চম দিনের চেহারা পেয়ে যাওয়া উইকেটে ধোনি খেললেন অসাধারণ এক ইনিংস। দুই বছর আগে ঠিক এই দিনেই ওয়ানডে ক্রিকেট প্রথম ডাবল সেঞ্চুরি দেখেছিল টেন্ডুলকারের ব্যাটে। কাল ধোনির উন্মত্ত ব্যাটে এল ওয়ানডে ঘরানারই এক ডাবল সেঞ্চুরি। সম্ভাব্য টেন্ডুলকারের দিনটা নিজের দিন বানিয়ে ফেললেন ধোনি!ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া ইনিংসটা শেষ পর্যন্ত হয়ে উঠতে পারে ম্যাচজয়ী ইনিংস। ভারত অন্তত হারছে না, তৃতীয় দিন শেষে এটা বলে দেওয়ায় খুব একটা ঝুঁকি নেই। ২ উইকেট হাতে রেখে লিড ১৩৫, অবিচ্ছিন্ন নবম উইকেটে সেঞ্চুরি জুটির সঙ্গী ভুবনেশ্বর কুমারকে নিয়ে আজ আরও এগিয়ে যেতে চাইবেন ভারতের দলপতি। ব্যক্তিগত একটা মাইলফলকও খুব কাছেই। আর ২৭ রান করলেই হয়ে যাবে উইকেটকিপার-ব্যাটসম্যানের সবচেয়ে বড় ইনিংসের রেকর্ড, ভারতের বিপক্ষেই যেটি গড়েছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার (২৩২*)।ধোনির ইনিংসটার মহিমা এতটাই যে আড়ালে পড়ে গেছে বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরিটাও। গত বছর অস্ট্রেলিয়ায় ভারতের দুঃস্বপ্নের সিরিজে আলোর ছটা ছিলেন কেবল কোহলি। প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছিলেন অ্যাডিলেডে। টেস্ট দলে জায়গা পাকা করেছিল ওই সিরিজ, কালকের সেঞ্চুরিতে প্রমাণ দিলেন আরও পরিণত হওয়ার। সেঞ্চুরি করেছিলেন ঠিক আগের ইনিংসেও (গত ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে), মাঝে আরেকটি সেঞ্চুরি করেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। ওয়ানডের বিস্ময় কোহলি এখন টেস্ট দলেরও নির্ভরতা।দিনের শুরুটায় অবশ্য নড়বড়ে ছিলেন কোহলি, নড়বড়ে ছিলেন টেন্ডুলকারও। দিনের প্রথম ঘণ্টা ছিল অস্ট্রেলিয়ার, প্রথম ১১ ওভারে এসেছিল মাত্র ১৪ রান। প্যাটিনসন-সিডলদের দুর্দান্ত বোলিংয়ে নাভিশ্বাস উঠে গিয়েছিল কোহলি-টেন্ডুলকারের। তবে উইকেট পেলেন লায়ন। অফ স্টাম্পের এক হাত বাইরে ফুটমার্কে পিচ করা বল ড্রাইভ করতে গিয়েছিলেন টেন্ডুলকার, ব্যাট-প্যাডের ফাঁক গলে বল নাড়িলে দেয় লেগ স্টাম্প। ধোনি ঝড়ের ইঙ্গিত দিয়েছিলেন শুরুতেই। প্রথম বলেই খেলেছিলেন স্লগ সুইপ, যদিও ব্যাটে-বলে হয়নি। কিন্তু এরপর চাবুকের মতো চালিয়েছেন ব্যাট, বল আছড়ে পড়েছে মাঠের নানা প্রান্তে। ১১৯ বলে ছুঁয়েছেন ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি, ক্যারিয়ারের প্রথম দেড় শ ১৮৫ বলে। ডাবল সেঞ্চুরি পূর্ণ ২৩১ বলে। পঞ্চম উইকেটে কোহলির সঙ্গে জুটি ১২৮ রানের। অবিচ্ছিন্ন নবম উইকেটে ১০৯ রানের জুটিতে ভুবনেশ্বরের অবদান মাত্র ১৬! ধোনি-ঝড়ে সবচেয়ে বেশি কাবু লায়ন, তাঁর ৭৩ বলে নিয়েছেন ৯১। ৩ উইকেট পাওয়া অফ স্পিনার রান দেওয়ার ডাবল সেঞ্চুরির অপেক্ষায় (১৮২)! ওয়েবসাইট, স্টার স্পোর্টস।