দিনটাকে সমতায় রাখলেন রায়না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় সব অধিনায়কেরই একজন করে ‘গোল্ডেন আর্ম’ থাকে। জুটি ভাঙার প্রয়োজন হলেই অধিনায়কের তাঁর কথা মনে পড়ে। ভারতেই যেমন মোহাম্মদ আজহার উদ্দিনের ছিলেন শচীন টেন্ডুলকার, টেন্ডুলকারের সৌরভ গাঙ্গুলী, সৌরভের বীরেন্দর শেবাগ। মহেন্দ্র সিং ধোনির ‘জুটি ভাঙা স্পেশালিস্ট’ সুরেশ রায়না। আইপিএল-চ্যাম্পিয়নস লিগে নিয়মিতই দেখিয়েছেন, বেশ কয়েকবার দেখিয়েছেন ওয়ানডেতেও। এবার করলেন টেস্টেও। রায়নার প্রথম টেস্ট উইকেটের নাম রিকি পন্টিং, আর এই উইকেটটাই বেঙ্গালুরু টেস্টের প্রথম দিনে সমতায় রেখেছে ভারতকে।দুই বছর আগে ঠিক এই ৯ অক্টোবর চিন্নাস্বামীতেই ভারতের মাটিতে একমাত্র টেস্ট সেঞ্চুরিটা পেয়েছিলেন রিকি পন্টিং। কালও পেতে পারতেন। বেশ কয়েকবার ম্যাচের নিয়ন্ত্রণ হাতবদল হওয়া দিনটা অস্ট্রেলিয়ারই করে নিচ্ছিল অধিনায়কের ব্যাট। পুরো ইনিংসে ভুল প্রায় করেননি বললেই চলে। কিন্তু রায়নার ফুল লেন্থ বল আড়াআড়ি ব্যাটে খেলতে গিয়েই নিজের ও দলের সর্বনাশ করলেন, হয়ে গেলেন এলবিডব্লু। আলোকস্বল্পতায় দিনের খেলা মিনিট বিশেক আগেই শেষ হওয়ার সময় এগিয়ে রাখা যাচ্ছে না কোনো দলকেই। ২৮৫ রান করেছে অস্ট্রেলিয়া, কিন্তু নিখাদ ব্যাটিং উইকেটে ভারত তুলে নিয়েছে ৫ উইকেট।দুই দলেই টেস্ট ক্যাপ পেয়েছেন দুজন—চেতেশ্বর পূজারা ও পিটার জর্জ। ভিভিএস লক্ষ্মণের না খেলার ‘সুখবর’ শুনে প্রথম সকাল শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার। এরপর টস থেকে শুরু করে প্রথম সেশনের পুরোটাই ছিল তাদের। টস হারার ধারাবাহিকতা ধরে রাখার পর ধোনি বলেছিলেন, ‘টস হারায় আমার বোলাররা অখুশি হবে না।’ বৃষ্টিতে ঢেকে রাখা উইকেটের আর্দ্রতা পেসাররা কাজে লাগাতে পারবে, অধিনায়কের ইঙ্গিত ছিল সেদিকেই। কিন্তু পারেননি জহির-শ্রীশান্ত, সপ্তম ওভারে স্পিন এনেও কাজ হয়নি। বিনা উইকেটে ৯৫ রান নিয়ে লাঞ্চে যায় অস্ট্রেলিয়া।লাঞ্চের পর প্রথম ওভারেই হরভজনকে কাট করতে গিয়ে স্লিপে ধরা পড়লেন সাইমন ক্যাটিচ। আরেক ওপেনার ওয়াটসন ও এই মাঠেই অভিষেকে ১৫১ রান করা মাইকেল ক্লার্ককে ১৯ রানের মধ্যে ফিরিয়ে দিয়ে দারুণভাবে ম্যাচে ফেরে ভারত। মাইক হাসিকে নিয়ে ইনিংসটাকে আবার পথে ফেরান পন্টিং। কিন্তু আবারও অস্ট্রেলিয়ার সর্বনাশ করে বিরতি। চা-বিরতির পর দ্বিতীয় ওভারেই হাসিকে গালিতে ক্যাচ বানিয়ে ৬৬ রানের জুটি ভাঙেন প্রথম টেস্টের নায়ক জহির। এরপর ক্যারিয়ার বাঁচানোর লড়াইয়ে নামা মার্কাস নর্থের সঙ্গে পন্টিংয়ের জুটিটাও জমে যায়। পন্টিংসহ ৬ উইকেট হাতে রেখে দিন শেষ করলে নিশ্চিতভাবেই এগিয়ে রাখা যেত অস্ট্রেলিয়াকে। কিন্তু রায়নার শেষ বিকেলের আঘাত পাল্টে দিল হিসাব। তথ্যসূত্র: নিও ক্রিকেট ও ওয়েবসাইট।