দিনে নারকেলগাছে, রাতে ফুটবল মাঠে!

কল্পনা করুন তো, বাংলাদেশের একজন ভ্যানচালক খেলতে নামছেন নেইমার, জাভি, বালোতেল্লি, পিরলোদের মতো বিশ্বসেরা ফুটবলারদের বিপক্ষে। সেটিও আবার ফিফা আয়োজিত একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায়! এমন কল্পনা যে কারও জন্যই যথেষ্ট কঠিন। কিছুটা ক্রূরও বটে। কিন্তু বিশ্বাস করুন, এবারের কনফেডারেশনস কাপে ঠিক এমন ব্যাপারই ঘটেছে। তবে সেখানে বাংলাদেশের কোনো ভ্যানচালক নন, আছেন দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ তাহিতির এক ভ্যানচালক ফুটবলার। পাশাপাশি আছেন এমন ফুটবলার, যিনি সারা দিন নারকেলগাছে চড়ে চড়ে জীবিকা নির্বাহ করেন।
তাহিতি দেশটির নামই বা কতজন শুনেছেন। কোনো ভূগোলবিশারদকে বিশ্বমানচিত্র হাতে নিয়ে তাহিতি নামের দেশটি খুঁজে বের করতে বলুন তো! হলফ করে বলা যায়, আশি শতাংশ ক্ষেত্রেই তিনি ব্যর্থ হবেন। চারদিকে সমুদ্রবেষ্টিত ছোট্ট দ্বীপদেশটি খুঁজে পেতে যে হাতে বড়সড় একখান ম্যাগনিফাইং গ্লাসের প্রয়োজন হবে।
যা-ই হোক, এই তাহিতি কনফেডারেশন কাপে খেলতে এসেছে ওশেনিয়ার ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব জাহির করেই। দেশটির ফুটবল এখনো আধা পেশাদার। ফিফা র্যাঙ্কিংয়ে ১৩৮তম স্থানে থাকা এই তাহিতির জার্সি গায়ে এবারের কনফেডারেশনস কাপে মাঠে নামছেন এমন কয়েকজন খেলোয়াড়, ফুটবলকে একমাত্র পেশা হিসেবে নেওয়া যাঁদের পক্ষে এখনো অসম্ভব একটি ব্যাপার। কনফেডারেশনস কাপের বিশাল ক্যানভাসে নিজের দেশকে প্রতিনিধিত্ব করাটা তাই তাঁদের কাছে স্বপ্নপূরণের চেয়েও অনেক বড় ব্যাপার।
এই দলেরই একজন খেলোয়াড় তেহেইভারি লুদিভিয়ন, যাঁর মূল পেশা নারকেলগাছে চড়া। তিনি এই তাহিতির রক্ষণভাগের অন্যতম সেরা খেলোয়াড়। স্পেন, উরুগুয়ের মতো দলের বিশ্বসেরা ফুটবলারদের মোকাবিলা করতে এই নারকেলগাছ-চড়িয়ে লুদিভিয়নেই আস্থা তাহিতির।
ফুটবল-বিশ্বে বিস্ময়ের জন্ম দেওয়া তাহিতি ব্রাজিলে কনফেডারেশনস কাপ খেলতে গেছে এমনই সব ফুটবলারকে নিয়ে। দলের গুরুত্বপূর্ণ সদস্যদের কেউ শিক্ষক, কেউ ভ্যানচালক, কেউ-বা কাজ করেন হিসাবরক্ষক হিসেবে। দলের নয়জন সদস্য এখনো অর্থ উপার্জন শুরু করেননি বলে জানিয়েছেন কোচ এডি ইতায়েতা। তাহিতির বর্তমান দলে পেশাদার ফুটবলার আছেন মাত্র একজন। অধিনায়ক মারামা ভাহিরুয়া। খেলেন ফ্রান্সের একটি ক্লাবে। দলের বাকি সবাই আধা পেশাদার ফুটবলার। দিনের বেলায় নিজেদের রুটিরুজির ব্যবস্থা করেন। রাতের বেলায় নামেন ফুটবল অনুশীলনে।
এমন একটি দল নিয়ে কনফেডারেশনস কাপে অংশগ্রহণটাই একটা বিশাল ব্যাপার তাহিতির জন্য। তবে বিশ্বমানের ফুটবলারদের বিপক্ষে খেলার অভিজ্ঞতাটাও যে বড় অর্জন হবে, সেটিও মনে করিয়ে দিলেন তাহিতির কোচ, ‘আমার দলের জন্য এটা খুবই অন্য রকম একটা অভিজ্ঞতা। কিন্তু এখন আমরা এখান থেকে অনেক কিছুই শিখতে চাই।’
ওশেনিয়া অঞ্চলের শক্তিশালী দল ছিল অস্ট্রেলিয়া। কিন্তু ২০০৬ সালে এশিয়ান ফেডারেশনের অন্তর্ভুক্ত হয় সকারুরা। অস্ট্রেলিয়া না থাকলেও ওই অঞ্চলের ‘রাজা’ নিউজিল্যান্ড ছিল। কিন্তু চমকে দিয়ে ২০১২ সালের ওএফসি নেশনস কাপ জিতে নেয় তাহিতি। এখন পর্যন্ত পেশাদার একটা দল গঠন করতে না পারলেও চলে এসেছে কনফেডারেশনস কাপে—বিশ্বকাপের খুদে সংস্করণ একটা টুর্নামেন্টে।
ফুটবলের স্বর্গরাজ্য ব্রাজিলে আসার পর এখনো বিস্ময়ের ঘোর কাটাতে পারেননি তাহিতির খেলোয়াড়েরা। স্টেডিয়াম দেখেই নাকি তাজ্জব বনে গেছেন দলের কোচ ইতায়েতা। তিনি বলেছেন, ‘আমি স্টেডিয়াম দেখে অবাক হয়ে তাকিয়ে ছিলাম। তাহিতিতে এ রকম কোনো স্টেডিয়াম নেই।’
ফুটবলের দুনিয়ায় অপেশাদার কোনো দলের স্বীকৃতি নেই। ব্যাপারটি ভালোমতোই জানেন কোচ ইতায়েতা। তবে অপেশাদার ফুটবলেরও যে গৌরবময় অনেক কিছু থাকতে পারে, সেটাই বিশ্ববাসীকে দেখাতে চান তিনি। দৃঢ়কণ্ঠে তিনি বলেছেন, ‘অপেশাদার ফুটবলের গৌরবটা বিশ্ববাসীকে দেখাতে পারাটাই আমাদের লক্ষ্য।’ সত্যিই কি মাঠে আরও বিস্ময়ের জন্ম দিতে পারবেন তাহিতির ফুটবলাররা? সূত্র: রয়টার্স।