দিনের শুরুটা অস্ট্রেলিয়ার, শেষটা ভারতের
উদ্বোধনী জুটিতে ১৩৯ রান। মোহালি টেস্টে কী শুরুটাই না হয়েছিল অস্ট্রেলিয়ার! তবে দিনশেষে অসিদের সেই হাসি কেড়ে নিয়েছেন ভারতীয় বোলাররা।টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭ উইকেটে ২৭৩ রান। স্টিফেন স্মিথ ৫৮ ও মিচেল স্টার্ক ২০ রানে অপরাজিত আছেন। গতকাল টেস্টের প্রথম দিনের খেলা বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি।আজ ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি সফলতা পেয়েছেন রবীন্দ্র জাদেজা। তিনটি উইকেট শিকার করেন তিনি। দুটি উইকেট নেন ঈশান্ত শর্মা। এ ছাড়া রবিচন্দ্রন অশ্বিন ও প্রজ্ঞান ওঝা প্রত্যেকে একটি করে উইকেট নেন।টসে জিতে ব্যাট করতে নেমে দলকে দারুণ সূচনা এনে দেন অস্ট্রেলিয়ার উদ্বোধনী দুই ব্যাটসম্যান এড কোয়ান ও ডেভিড ওয়ার্নার। ওয়ার্নার আউট হন ব্যক্তিগত ৭১ রানে। এর পর দ্রুত উইকেট হারাতে থাকে সফরকারী দল। অধিনায়ক মাইকেল ক্লার্ক রানের খাতা খোলার সুযোগও পাননি। ফিল হিউজেস ফেরেন ২ রান করে।এড কোয়ান করেন ৮৬ রান। কোয়ান-ওয়ার্নারের পর ব্যাট হাতে সফলতার মুখ দেখেছেন কেবল স্টিফেন স্মিথ। একপ্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিয়ে চলেছেন তিনি। ব্রাড হাডিন করেন ২১ রান। ক্লার্কের মতো রানের খাতা খুলতে পারেননি হেনরিকস ও সিডলও।