দিবারাত্রির টেস্টেও আপত্তি নেই ওয়াহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফেদ ক্রিকেটে রঙের ছড়াছড়ি বাড়ায় অনেকের দুঃখ আছে। ক্রিকেট তার কৌলিন্য হারাচ্ছে বলে মাতম করেন কেউ কেউ। ব্যতিক্রম স্টিভ ওয়াহ। যুগের দাবিতে ক্রিকেটের বিবর্তন মেনেই নিচ্ছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক। এমনকি আইসিসির পরীক্ষাগারে আটকে থাকা দিবারাত্রির টেস্টেরও পক্ষে তিনি। ক্রিকইনফো।ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াহ বলেছেন, ‘দিবারাত্রির টেস্ট খেলতে পারলে আমারও ভালো লাগত। আমার ধারণা, খুব মজার হবে খেলাটা। ক্রিকেটে এটি নতুন মাত্রা যোগ করবে।’ যেসব কারণে ক্রিকেট বদলে যাচ্ছে, টেস্ট ক্রিকেটে নতুনত্ব আনার পক্ষেও সেসব যুক্তিই তুলে ধরলেন ওয়াহ, ‘মানুষ পরিবর্তন চায়, উত্তেজনা চায়। তাহলে সেটা টেস্ট ক্রিকেটে নয় কেন? আমরা টি-টোয়েন্টি ক্রিকেট পেয়েছি। সম্ভব হলে এখন গোলাপি বল আর দিবারাত্রির টেস্টও নিয়ে আসা হোক ক্রিকেটে।’ওয়াহর ‘সম্ভব হলে’ কথাটায় লুকিয়ে আছে বাস্তবতা। চাইলেই যে কাল থেকে একটা দিবারাত্রির টেস্ট শুরু করে দেওয়া যাচ্ছে না, সেটার মূল কারণ কিছু বাস্তব সমস্যা। ৮০ ওভার টিকে থাকবে এমন রঙের বলই তো পাওয়া যায়নি এখনো। স্টিভ ওয়াহও বলছেন, ফ্লাডলাইটে টেস্টের আগে আরও চিন্তাভাবনার দরকার আছে।টি-টোয়েন্টি আর ওয়ানডে যে রকম বর্ণময় হয়ে উঠছে, তাতে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও অনেকে শঙ্কিত। ওয়াহ এখানেও আশাবাদীদের দলে, ‘ভালো জিনিস সব সময়ই টিকে থাকে। ক্রিকেটার হিসেবে আমি মনে করি, আপনাকে নিজের প্রতি সত্ হতে হবে। আপনি এই খেলায় কেন এসেছেন? আপনার সামর্থ্যের চূড়ান্ত রূপটা প্রকাশ করতে, তাই না? টি-টোয়েন্টি ক্রিকেট খেলে সেটা কখনোই সম্ভব নয়; কারণ এখানে সারা দিন ব্যাট করা যায় না, ৩০ ওভার বল করা যায় না।’ টানা পাঁচ দিন বিশ্বের সেরা ক্রিকেটারদের সামনে দাঁড়িয়ে নিজের শারীরিক, মানসিক ও কৌশলগত সামর্থ্যকে চ্যালেঞ্জ জানাতে না পারলে ক্রিকেটারদের মনে তৃপ্তিবোধটাই আসে না বলে মনে হয় অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়কের।টি-টোয়েন্টির আগ্রাসনে প্রশ্নের মুখে পড়েছে ওয়ানডে ক্রিকেটও। এই আগ্রাসন থেকে বাঁচাতে ওয়ানডেতে কিছু পরিবর্তনের পরামর্শ দিয়েছেন ওয়াহ। যেমন মাঝের ওভারগুলোয় চারকে ছক্কা আর ছক্কাকে নয় রান বানিয়ে দেওয়া। শুনতে হাস্যকর লাগলেও ওয়াহ কিন্তু যুক্তি দিয়েই বলছেন কথাটা, ‘বোলাররা হয়তো খুশি হবে না। তবে এর ইতিবাচক দিক হলো ব্যাটসম্যানরা অতিরিক্ত আক্রমণাত্মক হয়ে উঠলে বোলারদের উইকেট পাওয়ার সুযোগও বাড়বে।’ আধুনিক ক্রিকেটে সবচেয়ে বেশি ‘নির্যাতিত’ বোলারদের কথা সহানুভূতির সঙ্গেই ভাবছেন ওয়াহ। এমসিসির ক্রিকেট কমিটির সদস্য তিনি, সেখানেও নাকি আলোচনা হয়েছে ব্যাপারটা নিয়ে, ‘বলের সিম আরেকটু বড় করা যায় কি না, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। সিমের সংখ্যা বাড়িয়ে আটটি করা যায় কি না, কথা হয়েছে এটা নিয়েও।’