প্রেসবক্স থেকে মাঠটাকে দেখা যাচ্ছিল কোনো নাটকের মঞ্চের মতো। ফ্লাডলাইটগুলো যেন স্পট লাইট। মাঠের কোথাও আলো, কোথাও অন্ধকার করে রেখেছে সেসব। কে জানে, হয়তো ক্রিকেটের নতুন কোনো ধরন আবিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)! হয়তো আলোকিত কোনো একটি জায়গায় দাঁড়িয়ে ব্যাট করবেন তামিম বা সাকিব। আরেকটি আলোকিত জায়গা থেকে বল করবেন প্রাইস বা পোফু। মাঝের খণ্ড খণ্ড অন্ধকার জায়গাগুলোয় ঘাপটি মেরে লুকিয়ে থেকে আবহসংগীত বাজাবে অন্য কুশীলবেরা!হায় রে ফ্লাডলাইট! খেলার আগে এ কোন খেলা দেখিয়ে দিলি তুই? কাল সন্ধ্যা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হওয়া এই নাটকের শেষ দৃশ্যের নায়ক আইসিসির ম্যাচ রেফারি ক্রিস ব্রড। রাত আটটায় মাঠে এসে সদ্য সংযোজন করা ফ্লাডলাইটের অপর্যাপ্ত আলো দেখলেন তিনি। মাঠে দাঁড়িয়েই ফোনে কথা বললেন সম্ভবত আইসিসির কারও সঙ্গে। এরপর সফর আয়োজক কমিটির সাংগঠনিক সম্পাদক ও আম্পায়ারদের সঙ্গেও কথা বলে তিনি ফিরে গেলেন হোটেলে। ম্যাচ রেফারির বিদায়ের পর বিষণ্ন চেহারায় সফর আয়োজক কমিটির সাংগঠনিক সম্পাদক গাজী আশরাফ হোসেন জানালেন, ‘তৃতীয় ওয়ানডে ম্যাচটি ডে-নাইটের পরিবর্তে কাল (আজ) সকাল নয়টা থেকে শুরু হবে এবং বিকেল সাড়ে চারটায় শেষ হবে।’ দিবারাত্রির ম্যাচ সকালে এগিয়ে আসার কারণটারও ব্যাখ্যা থাকল, ‘ফ্লাডলাইট জ্বলেছে। তবে সারা মাঠের যেখানে যেমন আলো থাকার কথা, তা না থাকার কারণে আমরা বুঝতে পারছি ম্যাচটা দিবারাত্রির করা ঠিক হবে না।’ গাজী আশরাফ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, দিবারাত্রির পরিবর্তে আজ দিনে ম্যাচ খেলার অনুরোধে রাজি হয়েছে জিম্বাবুয়ে দল।ফ্লাডলাইট যে সময়মতো ঠিকভাবে আলো ছড়াল না, সেটার দায়দায়িত্বের ভাগীদার আছে। জাতীয় ক্রীড়া পরিষদ, ফ্লাডলাইট সংযোগের দায়িত্বপ্রাপ্ত স্থানীয় প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স (এনডিই) তো আছেই, সঙ্গে বিসিবিও থাকবে। তবে এ নিয়ে কাল পরস্পরবিরোধী মন্তব্যই পাওয়া গেল সংশ্লিষ্টদের কাছ থেকে। এনডিইর পরিচালক রিজওয়ান মুস্তাফিজ জানালেন, ‘আমরা আগেই বলেছিলাম, কাজ শেষ না হওয়ায় এই ম্যাচ ফ্লাডলাইটে খেলা সম্ভব না। আমাদের লাইট বুঝিয়ে দেওয়ার কথা ছিল ২০ ডিসেম্বর। কিন্তু তারা তড়িঘড়ি করে ফ্লাডলাইটে খেলা আয়োজনের সিদ্ধান্ত নেন। আমাদের মাত্র ১০ দিন আগে জানানো হয় যে, এই ম্যাচ ফ্লাডলাইটে হবে।’ তিনি জানিয়েছেন, লাইট প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাবাকাস কাজ শেষ হওয়ার আগে তাদের আলো জ্বালাতে নিষেধও করেছে। তবে বিসিবির উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, ‘ফ্লাডলাইটের কাজ বুঝিয়ে দেওয়ার কথা ছিল গত ৩০ নভেম্বর। এনডিই ২০ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর আবেদন করলেও এনএসসি তাতে রাজি হয়েছে কি না, আমরা জানি না।’ কাল স্টেডিয়ামে উপস্থিত এনএসসির পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আবদুর রহমান অবশ্য ফ্লাডলাইটের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্যই করতে চাননি।জানা গেছে, গত তিন-চার দিনে ফ্লাডলাইট জ্বালানোর চেষ্টা হলেও দুবার সার্কিট নষ্ট হওয়ায় সেটি সফলভাবে হয়নি। তৃতীয় দফায় নতুন সার্কিট লাগিয়ে গত পরশু রাত তিনটায় তিনটি টাওয়ারের লাইট জ্বালানো হয়। বাকি তিনটির কাজ শেষ হয় কাল। কিন্তু সংযোগ দেওয়ার কাজ শেষ হলেও আলো ঠিকঠাক করার কিছু ব্যাপার ছিল। বিপত্তি বাধিয়েছে সেটাই। একদমই নতুন ফ্লাডলাইট লাগানোয় এটির ব্যাপারে যেখানে আরও আগেই নিশ্চিত হওয়া উচিত ছিল, সেখানে ম্যাচের মাত্র এক দিন আগে কেন এই সমস্যাটা টের পাওয়া গেল, এর কোনো সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি কারও কাছ থেকেই। গাজী আশরাফের ব্যাখ্যা, ‘আমরা আশ্বস্ত হয়েছিলাম ফ্লাডলাইট জ্বলবে এবং যতটুকু আলো হওয়া দরকার ততটুকু হবে। হয়তো আরও এক দিন আগে জ্বালানো গেলে যেটুকুক অ্যাডজাস্টমেন্টের দরকার সেটুকু করা যেত। আমরা খতিয়ে দেখব কেন এ রকম হলো।’জিম্বাবুয়েকে অনুরোধ করে দিবারাত্রির ম্যাচ না হয় সকালে আনা গেল, কিন্তু দিবারাত্রির ম্যাচের জন্য আগে থেকেই স্যাটেলাইট বুক করে রাখা টেলিভিশন সম্প্রচার সংস্থা নিমবাস যে খেলার সময় পরিবর্তনের জন্য বিসিবির কাছ থেকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ চাইবে, তাতে কোনো সন্দেহ নেই। তবে বিসিবির উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) বোঝাতে চাইলেন, ক্ষতিপূরণ দিতে হলে সেটি খুব বেশি হবে না।কিন্তু ফ্লাডলাইট কেলেঙ্কারিতে বিশ্বকাপের আগে বাংলাদেশের সাংগঠনিক দক্ষতা নিয়ে বড় একটা প্রশ্নই উঠে গেল।