দিব্যেন্দু-অভিজিৎ মোহামেডানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন পরিচালনা পরিষদ দায়িত্ব নেওয়ার পর খেলাধুলায় অংশগ্রহণ আরও বাড়াচ্ছে মোহামেডান। এরই অংশ হিসেবে ১৩-১৪ বছর পর আসন্ন দাবা লিগে ফিরছে সাদা-কালোরা। ১০ দলের এই লিগ শুরু হওয়ার কথা আগামী ১২ নভেম্বর।মোহামেডান চারজন গ্র্যান্ডমাস্টার দলভুক্তি নিশ্চিত করেছে। স্থানীয় গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও জিয়াউর রহমানের সঙ্গে দুই ভারতীয় গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া ও অভিজিৎ গুপ্তা। মোহামেডানের ডাইরেক্টর ইানচার্জ লোকমান হোসেন ভূঁইয়া কাল জানিয়েছেন, ‘নিয়াজ মোহামেডানের সঙ্গে যুক্ত আছে। সে-ই দলটা করছে। চেয়েছিলাম ভারত ও রাশিয়ার একজন করে গ্র্যান্ডমাস্টার আনতে। কিন্তু রুশ গ্র্যান্ডমাস্টার আনা হচ্ছে না। নিয়াজ, জিয়া, দিব্যেন্দুর সঙ্গে অভিজিৎ খেলবে। সঙ্গে আবদুল মালেক।’ মোহামেডানের এই ফিরে আসা দাবার জন্য সুসংবাদ মনে করছেন নিয়াজ মোরশেদ, ‘লিমিটেড কোম্পানি হওয়ার পর মোহামেডান নতুন যাত্রা শুরু করছে। মোহামেডান দাবা লিগে সর্বশেষ খেলেছে সেই ১৯৯৬-৯৭ সালে। এখন ফিরে আসাটা গোটা দাবার জন্যই শুভ ফল আনবে। আশা করি এই ধারাটা অব্যাহত থাকবে এবং দাবা উপকৃত হবে।’ দাবায় মোহামেডানের সাফল্য নিয়ে নিয়াজ আশাবাদী, ‘জয়পুরের অভিজিৎ এখন ভারতীয় চ্যাম্পিয়নশিপে শীর্ষ স্থানে আছে। খুব ভালো খেলোয়াড় (গত মার্চের রেটিং ছিল ২৫৮০)। পাশাপাশি কলকাতার দিব্যেন্দু ( ২৪৮৩), জিয়া (২৫২৫) ও আমি (২৪৪২) খেললে ফল ভালো হবে আশা করা যায়।’ ওদিকে মহিলা হ্যান্ডবলে ফিরে আসছে মোহামেডান। অ্যাথলেটিকসে ফেরারও পরিকল্পনা আছে তাদের।