দিলশান-ডি ভিলিয়ার্স জেতালেন বেঙ্গালুরুকে
রাজস্থান রয়্যালসের বিপক্ষে সহজ জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কাল জয়পুরে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৮৯ করে বেঙ্গালুরু। ৭ উইকেটে ১৪৩ রান করে ৪৬ রানে ম্যাচ হারে রাজস্থান।বেঙ্গালুরুর শুরুটা অবশ্য এমন সহজ জয় পাওয়ার মতো ছিল না। ৬৭ রানের মধ্যেই বিরাট কোহলি (১৬), আগরওয়াল (১৫) ও ক্রিস গেইলকে (৪) হারিয়ে ফেলেছিল তারা। কিন্তু এখান থেকেই দলকে ১৮৯ রানের স্কোর পাইয়ে দেন তিলকরত্নে দিলশান ও এবি ডি ভিলিয়ার্স। ৫৮ বলে ৭৬ করেন দিলশান। ব্যাট হাতে আরও বেশি আক্রমণাত্মক ছিলেন ডি ভিলিয়ার্স, ২৩ বলে করেছেন ৫৯! চতুর্থ উইকেটে ৫০ বল খেলে অবিচ্ছিন্ন ১২২ রানের জুটি গড়েন তাঁরা!রান তাড়া করতে এসে রাজস্থান রাহানেকে (১৩) হারিয়ে ১১ ওভারে তুলে ফেলেছিল ৮০ রান। কিন্তু এরপর আর ১১ রান যোগ করতেই তারা হারিয়ে ফেলে আরও তিন উইকেট। যে ধাক্কাটা পরের ব্যাটসম্যানরা আর কাটিয়ে উঠতে পারেনি। রাহুল দ্রাবিড় ৪২ বলে সর্বোচ্চ ৫৮ রান করেন। কেপি অপন্না ১৯ রানে নিয়েছেন চার উইকেট। তবে ম্যাচসেরা দিলশান। ওয়েবসাইট।