দিলশানকে নিয়ে গুজব
ঠিক আজকের ম্যাচ-সংক্রান্ত নয়। পাল্লেকেলে স্টেডিয়ামের সম্মেলনকক্ষে তাই প্রশ্নটাই বুঝতে পারছিলেন না মাহেলা জয়াবর্ধনে। চার-পাঁচবার করার পর বুঝতে পারলেন, ‘তিলকরত্নে দিলশান নাকি ডোপ পরীক্ষায় ধরা পড়েছেন?’ এবার যেন আকাশ থেকে পড়লেন জয়াবর্ধনে, ‘মানে কী?’ মানে, কাল দুপুর থেকেই ছড়িয়ে পড়েছে শ্রীলঙ্কান ওপেনার তিলকরত্নে দিলশান নাকি ডোপ পরীক্ষায় উতরাতে পারেননি।শুনে ঠোঁটের কোণে হাসি এনে জয়াবর্ধনের উত্তর, ‘আমার জানামতে, শ্রীলঙ্কা থেকে ডোপ টেস্ট নেওয়া হয়েছে চামারা সিলভা ও অজন্তা মেন্ডিসের। যার টেস্টই হয়নি; তার পজিটিভ হয়ে যাওয়াটা একটু বাড়াবাড়ি হয়ে যায় না!’ তবে যে গুজব ছড়াল? অনেক ওয়েবসাইট তো বটেই, সংবাদ সংস্থাগুলোর খবরেও আছে। শ্রীলঙ্কার মিডিয়া ম্যানেজার ব্রায়ান টমাসের জবাব, ‘ওই যে বললেন গুজব। গুজব তো গুজবই!’কিন্তু গুজবটাকে পাখা মেলে ওড়াল তো শ্রীলঙ্কান মিডিয়াই। শ্রীলঙ্কান মিডিয়া জানায়, দৈবচয়ন ভিত্তিতে দিলশানের ডোপ পরীক্ষা হয়েছে এবং কালই জানা গেছে তিনি পজিটিভ।