দিলশানকে ‘আগ্রাসী’ হতে সাঙ্গাকারার আহ্বান
দিলশানের আগ্রাসনটা সাঙ্গাকারার দারুণ পছন্দ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যাওয়ার পরেও সেই ম্যাচে শন টেইটের সঙ্গে দিলশানের ‘বাহাস’ ভালোই উপভোগ করেছেন লংকান দলপতি। তিনি দিলশানকে তাঁর এই আগ্রাসী মনোভাব সমুন্নত রেখে ভবিষ্যতে শ্রীলঙ্কার সাফল্যে বড় ভূমিকা রাখার কথা বলেছেন।‘গত কয়েক বছর ধরেই দিলশান শ্রীলঙ্কা দলের সেরা পারফর্মার। তাঁর ব্যাটের ওপর ভর করেই শ্রীলঙ্কা অতীতে বহু ম্যাচ জিতেছে। তাঁর কাছে আমাদের চাওয়া, সে যেন তাঁর আগ্রাসী মনোভাব অক্ষুণ্ন রেখে দলের সাফল্যে ভূমিকা রাখে।’ দিলশান সম্পর্কে সাঙ্গাকারার মন্তব্য। সাঙ্গাকারার মন্তব্যের সঙ্গে সংগতি রেখেই দিলশান এবারের বিশ্বকাপে প্রায় প্রতিটি ম্যাচেই রান করেছেন। তবে প্রতিপক্ষের বিচারে কানাডা ও কেনিয়ার মতো দলগুলোর বিপক্ষে তাঁর ব্যাট আরো উচ্চস্বরে হাসলেই সকলে খুশি হতেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিই এবারের বিশ্বকাপে দিলশানের একমাত্র ব্যর্থতা। যেখানে টেইটের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ার প্রায় সঙ্গে সঙ্গেই সেই টেইটের বলেই তিনি আউট হয়েছেন মাত্র ৪ রানে।সাঙ্গাকারা বলেন, ক্রিকেটারদের আবেগের চড়াই-উত্রাই আছে। সবসময় আবেগকে একই ঢংয়ে নিয়ন্ত্রণ সম্ভব হয় না। তবে সবসময় ভালো পারফরম্যান্স দিয়েই ক্রিকেটাররা সবকিছুকে ছাপিয়ে যেতে পারে। আবেগ দেখিয়ে আউট হওয়ার চেয়ে, নিরাবেগ থেকে ভালো পারফরম্যান্স করে যাওয়াটাই বোধ হয় ভালো। দিলশানের কাছে সাঙ্গাকারা কি তাই চাচ্ছেন না? ওয়েবসাইট।