দিলশানের সেঞ্চুরিতে জয় শ্রীলঙ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ৫০ তুলতে খরচ করেছেন ৩৯ বল। পরের ৫০ এসেছে মাত্র ১৬ বলে। কাল পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে এমনই ঝড় তুলেছিলেন ৫৭ বলে অপরাজিত ১০৪ রান করা তিলকরত্নে দিলশান। টি-টোয়েন্টির ইতিহাসে পঞ্চম ব্যাটসম্যান (দ্বিতীয় শ্রীলঙ্কান) হিসেবে সেঞ্চুরি করেছেন তিনি, যেটি টি-টোয়েন্টির দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিও, মাত্র ৫৫ বলে। ম্যাচ শেষে অধিনায়ক দিলশানের সেঞ্চুরির আনন্দটা দ্বিগুণ হয়েছে দলের জয়ে।কাল পাল্লেকেলের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা জিতেছে ৩৫ রানে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা ৩ উইকেটে করে ১৯৮ রান। ১৯৯ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া অভিষিক্ত দিলরুয়ান পেরেইরার তোপের মুখে প্রায় শুরুতেই পথ হারিয়ে ফেলে। ৩৯ থেকে ৬৩—মাত্র ২৪ রানের মধ্যেই শন মার্শ (৪), ডেভিড হাসি (৬) ও অধিনায়ক ক্যামেরন হোয়াইটকে (৭) বিদায় করে অস্ট্রেলিয়ার মিডল অর্ডার বলতে গেলে গুঁড়িয়ে দেন পেরেইরা। শেষ দিকে মিশেল জনসন (১৬ বলে ২২) ও স্টিভ ও’কিফির (১২ বলে ২২) কল্যাণে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ১৬৩ রান করতে সক্ষম হয়। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৫৩ রানের ইনিংসটি খেলেছেন ওপেনার ডেভিড ওয়ার্নার।শ্রীলঙ্কার ইনিংসটি স্বাভাবিকভাবেই দিলশানময়। ১০৪ রানের হার না মানা ইনিংসের পথে ১২টি চারের সঙ্গে তিনি হাঁকিয়েছেন পাঁচটি ছক্কা। এ ছাড়া কুমার সাঙ্গাকারা ২২ বলে ৩০ ও জীবন মেন্ডিস করেন ১৯ বলে অপরাজিত ২৯ রান। এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০-তে এগিয়ে গেল স্বাগতিকেরা। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিটি আগামীকাল একই মাঠে। ওয়েবসাইট।