দিলশানের সেঞ্চুরিতেও পিছিয়ে লঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিনায়ক হিসেবে একজন মাহেলা জয়াবর্ধনের পূর্বসূরি, অন্যজন সম্ভাব্য উত্তরসূরি। এই ভূত-ভবিষ্যতের জুটিই কাল হোবার্টে শ্রীলঙ্কাকে বাঁচিয়েছে লজ্জা থেকে। ওপেনার দিলশান করেছেন ১৪৭, ছয়ে নেমে সহ-অধিনায়ক ম্যাথুস করেছেন ৭৫। এই দুজনের রেকর্ড ১৬১ রানের জুটিতেই শ্রীলঙ্কা ফলোঅন এড়াতে পারলেও বেশি দূর যেতে পারেনি, প্রথম ইনিংস শেষ হয়েছে ৩৩৬ রানে। আগের দিন ৮৭ রানেই ৪ উইকেট হারানো সফরকারীদের শেষ ৪ উইকেট পড়েছে ২০ রানে। অস্ট্রেলিয়ার পেসার পিটার সিডল নিয়েছেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ২৭ রান করা স্বাগতিকেরা এগিয়ে গেছে ১৪১ রানে।ভারত-ইংল্যান্ডের নাগপুর টেস্টের তৃতীয় দিনটাই যেন কাল এসে হাজির বেলেরিভ ওভালে। নাগপুরের ধোনি-কোহলি জুটির মতোই এখানে অস্ট্রেলীয় বোলারদের হতাশ করেছেন দিলশান-ম্যাথুস। প্রায় দুই সেশন ব্যাটিং করে চা-বিরতির কিছু আগে সিডলের বলে এলবিডব্লু হয়ে ম্যাথুসের বিদায়ে ভাঙে এই জুটি। তবে এর আগেই হয়ে গেছে রেকর্ড। পঞ্চম উইকেটজুটির ১৬১ রান অস্ট্রেলিয়ার মাটিতে যেকোনো উইকেটেই শ্রীলঙ্কার সর্বোচ্চ। ম্যাথুস-দিলশানরা পেছনে ফেলেছেন ১৯৮৯ সালে ব্রিসবেনে সপ্তম উইকেটে করা অরবিন্দ ডি সিলভা ও রবি রত্নায়েকের ১৪৪ রান।ম্যাথুসের ১৮৬ বলের ইনিংসটিতে ছিল ১১টি বাউন্ডারি। দিলশানের ১৫তম টেস্ট সেঞ্চুরিটি এসেছে ১৪৮ বলে। ৯০-এর ঘরে প্রায় আধা ঘণ্টা আটকে থাকা ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যানের পুরো ইনিংসটি ২৭৩ বলের, যাতে বাউন্ডারি ছিল ২১টি। ৯৮তম ওভারে মিচেল স্টার্কের ইয়র্কারে বোল্ড হওয়া দিলশানের অস্ট্রেলিয়ার বিপক্ষে এটা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। সর্বশেষ চার টেস্টে তৃতীয় সেঞ্চুরি পাওয়া দিলশান দিন শেষে সন্তুষ্টি প্রকাশ করলেন, ‘এটা খুবই তৃপ্তিদায়ক, বিশেষ করে যদি এটা আসে খুব ভালো একটা বোলিং আক্রমণের বিপক্ষে ও অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে।’ দিলশানের বিদায়ের পর উইকেটকিপার প্রসন্ন জয়াবর্ধনের ৪০ ও কুলাসেকারার ২৩ রানেই ৩০০ পেরোয় লঙ্কানরা।৫৪ রানে ৫ উইকেট নেওয়া সিডল প্রসন্ন জয়াবর্ধনে ও রঙ্গনা হেরাথকে এলবিডব্লু করার পর শেষ ব্যাটসম্যান চানাকা ভেলেগেদারাকে গালিতে মাইক হাসির ক্যাচ বানিয়েই ইনিংসের সমাপ্তি টানেন। দিলশান-ম্যাথুস ছাড়াও অস্ট্রেলীয় পেসারদের কাজটা কঠিন হয়ে গিয়েছিল বেন হিলফেনহসের চোটে। কাল মাত্র ৪.২ ওভার বল করেই পেটের মাংসপেশিতে টান পড়ায় মাঠ ছেড়ে যান ৩০ রানে ১ উইকেট নেওয়া হিলফেনহস। স্ক্যান রিপোর্টে চোটটা মারাত্মক কিছু নয় জানা গেলেও অস্ট্রেলিয়ার ফিজিও অ্যালেক্স কন্টুরিস সংশয় প্রকাশ করেছেন, এই ম্যাচে বোলার হিলফেনহসকে হয়তো আর না-ও পাওয়া যেতে পারে। এএফপি, ওয়েবসাইট।