দিল্লি টেস্টেই ওয়াটসন
মোহালি টেস্ট শেষ করে মাইকেল ক্লার্করা যখন দিল্লির পথে, বিশ্বের আরেক প্রান্ত থেকে তখন ভারতের রাজধানীর পথে ক্লার্কের ডেপুটিও। অস্ট্রেলিয়ার ক্রিকেটাঙ্গনে স্বস্তির হাওয়া বইয়ে কাল সন্ধ্যায় সিডনি থেকে দিল্লির বিমানে চেপেছেন শেন ওয়াটসন। গত সপ্তাহে চণ্ডীগড় ছাড়ার সময় ইঙ্গিত দিয়েছিলেন, ছাড়তে পারেন টেস্ট ক্রিকেটও। কিন্তু প্রথমবার বাবা হওয়ার ভালো লাগা নিয়ে ওয়াটসন ফিরছেন চতুর্থ টেস্টেই। সরে এসেছেন টেস্ট ক্রিকেট ছাড়ার ভাবনা থেকে।‘হোমওয়ার্কগেট’ বিতর্কে মোহালি টেস্ট থেকে বাদ পড়ার পর ১২ মার্চ দেশে ফেরেন ওয়াটসন। তবে সেদিন সিডনি বিমানবন্দরেই মাইকেল ক্লার্কের সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ কথা হয়েছে এই অলরাউন্ডারের। ফোন-বৈঠক চলেছে এরপরও। সেটারই সফল সমাপ্তি ওয়াটসনের ফেরার সিদ্ধান্তে, ‘গত কয়েক দিনে মোহালিতে টিম ম্যানেজমেন্টের সঙ্গে বেশ কয়েকবার গঠনমূলক আলোচনা হয়েছে। আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার লক্ষ্যে এগোচ্ছে অস্ট্রেলিয়া, আমরা কথা বলেছি সামনে এগিয়ে যাওয়ার পথে কীভাবে একসঙ্গে কাজ করব। যত দিন সম্ভব অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলে যাওয়ার তীব্র ইচ্ছা আছে আমার। অস্ট্রেলিয়াকে জেতাতে চাই বড় সব টেস্ট সিরিজ ও আইসিসি টুর্নামেন্ট।’দলের প্রতি নিবেদন নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার পারফরম্যান্স ম্যানেজার প্যাট হাওয়ার্ডের সঙ্গে প্রকাশ্যে কথার লড়াই হয়েছিল ওয়াটসনের। ফোনে হাওয়ার্ডের সঙ্গে ঝামেলাও চুকেবুকে গেছে বলে জানালেন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক, ‘গত কয়েক দিনে হাওয়ার্ডের সঙ্গেও আমার অনেকবার কথা হয়েছে। আমরা এখন আবার এক সারিতেই আছি এবং অস্ট্রেলিয়াকে বিশ্বের সেরা দল হিসেবে গড়ে তুলতে কাজ করে যাব। বিতর্ক ভুলে আমি সামনে তাকাতে চাই, দলের সবার সঙ্গে দেখা করার জন্য তর সইছে না আমার।’ ওয়েবসাইট।