দিল্লি-মুম্বাইয়ের জয়
শেষ দুই ওভারে দরকার ছিল ১৫ রান। হাতে ৯ উইকেট। জয়টাকে তখন মনে হচ্ছিল রাজস্থান রয়্যালসের হাতের মুঠোয়! কিন্তু সহজ এই সমীকরণটাই শেষ পর্যন্ত মেলাতে পারল না রাহুল দ্রাবিড়ের দল। অপ্রত্যাশিতভাবে জয় নিয়ে মাঠ ছাড়ল দিল্লি ডেয়ারডেভিলস। শেষ বলের নাটকীয়তায় বীরেন্দর শেবাগের দল জিতেছে ১ রানে। শেষ বলে নিতে হতো ২ রান, ১ রান নিলেও খেলাটা গড়ায় সুপার ওভারে। কিন্তু অজিঙ্কা রাহানে বলে ব্যাটই লাগাতে পারলেন না। তবুও রানের জন্য ছুটলেন ওয়াইস শাহ। কিন্তু তিনি ক্রিজে পৌঁছানোর আগেই সরাসরি থ্রোতে স্টাম্প ভেঙে দেন দিল্লির উইকেটরক্ষক নমন ওঝা। দুর্দান্ত একটা ইনিংস খেলা রাহানে হয়ে গেলেন খলনায়ক। অথচ তাঁরই নায়ক হওয়ার কথা। ১৫৩ রানের লক্ষ্য। ৬৩ বলে ৮৪ রানের ইনিংস খেলে তিনিই দলকে নিয়ে গিয়েছিলেন জয়ের বন্দরে। অধিনায়ক দ্রাবিড়ের (৪০) সঙ্গে উদ্বোধনী জুটিতেই তুলে ফেলেছিলেন ৯৯ রান।শেবাগের ৬৩ রানের ইনিংস দিল্লিকে এনে দেয় ৬ উইকেটে ১৫২ রানের পুঁজি। শেবাগ ৬৩ রান করেন ৩৯ বলে, ২টি ছক্কা ও ৮টি চারে। এ ছাড়া টেলর ২৫, নাগর করেন ২৫ রান।অন্য ম্যাচে ডেকানকে ৫ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। বোলারদের ম্যাচে ১৮.৪ ওভারে মাত্র ১০০ রানেই অলআউট হয় ডেকান। ১০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বাইয়েরও ঘাম ছুটে যায়! ইনিংসের প্রথম বলেই স্বদেশি রিচার্ড লেভিকে বোল্ড করে লড়াইয়ের ইঙ্গিতটা দেন ডেল স্টেইন। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁতে মুম্বাইয়ের লেগে যায় ১৮.১ ওভার। ওয়েবসাইট।