দিল্লিকে হারিয়ে ফাইনালে চেন্নাই
দিল্লিকে ৮৬ রানে হারিয়ে আইপিএলের পঞ্চম আসরের ফাইনালে উঠেছে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের ছুঁড়ে দেওয়া ২২২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ ওভার পাঁচ বলে ১৩৬ রানে গুটিয়ে যায় দিল্লি ডেয়ারডেভিলসের ইনিংস। এ বিজয়ের মাধ্যমে ২৭ মে শিরোপা জয়ের চূড়ান্ত লড়াইয়ে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে চেন্নাই।এর আগে ফাইনালে যাওয়ার লড়াইয়ের প্রথমার্ধটা বেশ ভালোভাবেই কাটিয়েছে চেন্নাই সুপার কিংস। মুরলি বিজয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে দিল্লি ডেয়ারডেভিলসকে জয়ের জন্য ২২৩ রানের বিশাল লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে ধোনির চেন্নাই। ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ৫৮ বলে ১১৩ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন মুরলি বিজয়।শুরু থেকেই ব্যাটে ঝড় তোলেন মুরলি বিজয়। তিনি প্রায় একাই লন্ডভন্ড করে দিয়েছেন দিল্লির বোলিং আক্রমণকে। তাঁর ১১৩ রানের পরে চেন্নাইয়ের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি এসেছে ড্যারেন ব্রাভোর ব্যাট থেকে। তিনি ১২ বলে ৩২ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। আর মুরলি বিজয় ইনিংসের শেষ বলে রানআউট হয়ে সাজঘরে ফেরেন।দিল্লির পক্ষে দুটি উইকেট পেয়েছেন বরুণ অরুণ। কিন্তু চার ওভার বল করে তিনি দিয়েছেন ৬৩ রান। এদিকে চেন্নাইয়ের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকার করেন আর অসিন। তিন ওভার পাঁচ বলে ২৩ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন তিনি। আর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন এসবি জাকাতি। চার ওভারে ৪০ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন তিনি। আর ১১৩ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন চেন্নাই সুপার কিংসের মুরালি বিজয়।