দিল্লিকে হেসেখেলেই হারাল চেন্নাই

১৭৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েও জয় পেল না দিল্লি ডেয়ার ডেভিলস। ডোয়াইন স্মিথের ঝড়ো ব্যাটিংয়ে হেসেখেলেই জিতেছে চেন্নাই সুপার কিংস। দুই বল বাকি থাকতেই ৮ উইকেটের বড় জয় পেয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। ৫১ বলে ৭১ রানের ঝড়ো ইনিংসটি খেলার পথে আটটি ছয় মেরেছেন স্মিথ।
দিল্লির দেওয়া ১৭৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ডোয়াইন স্মিথ ও ব্রেন্ডন ম্যাককালাম শুরুটা করেছিলেন ভালোভাবেই। ১১.১ ওভারে উদ্বোধনী জুটিতেই তুলেছিলেন ৮২ রান। ম্যাককালাম ৩২ করে ফিরে গেলেও স্মিথ-সুরেশ রায়না দ্বিতীয় উইকেটে গড়েছিলেন ৪৪ বলে ৮৬ রানের জুটি। ২৭ বলে ৪১ রানের ইনিংস খেলে ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন রায়না। অধিনায়ক ধোনির ব্যাট থেকে এসেছে ১২ রান।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে দিনেশ কার্তিক, মুরলি বিজয়ের ভালো ব্যাটিংয়ের সুবাদে ১৭৮ রান করেছিল দিল্লি। ৩৬ বলে ৫১ রান করেছেন কার্তিক। ৩৫ রান এসেছে বিজয়ের ব্যাট থেকে। শেষপর্যায়ে জেপি ডুমিনি ও কেদার যাদবও ভালোই ভুগিয়েছিলেন চেন্নাইয়ের বোলারদের। ১৭ বলে ২৮ রান করেছিলেন ডুমিনি। ১৮ বলে ২৯ রান করে অপরাজিত ছিলেন যাদব।
আজকের এই জয় দিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষস্থান পাকাপোক্ত করেছে চেন্নাই। ৭ ম্যাচ শেষে চেন্নাইয়ের সংগ্রহ ১২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পাঞ্জাব।