দিল্লিতে দুর্ভোগের সাইক্লিং
‘এত কষ্ট সহ্য করে আর কেউ হয়তো ভবিষ্যতে বিদেশে খেলতে যাবে না। আমাদের ভেন্যু ছিল স্টেশন থেকে ৩-৪ কিলোমিটার দূরে। সাইকেল আর নিজেদের লাগেজ কুলির মতো বয়ে নিয়ে গেছি হোটেলে। কী যে দুর্ভোগ গেছে, ভাষায় বর্ণনা করতে পারব না’—দিল্লিতে ট্র্যাক এশিয়া কাপ সাইক্লিং চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার অভিজ্ঞতা জানাচ্ছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় দলের একজন সাইক্লিস্ট।
১৮-২০ নভেম্বর দিল্লির ইন্দিরা গান্ধী স্পোর্টস কমপ্লেক্সে হয়েছে ট্র্যাক এশিয়া কাপ আন্তর্জাতিক সাইক্লিং। তাতে অংশ নিতে ১১ জন সাইক্লিস্ট ঢাকা ছাড়েন ১৪ নভেম্বর। ঢাকা থেকে কলকাতা পর্যন্ত বাসে যান তাঁরা, সেখান থেকে দিল্লিতে ট্রেনে। টানা ভ্রমণে ক্লান্ত সাইক্লিস্টরা সেখানে পৌঁছান টুর্নামেন্ট শুরুর এক দিন আগে। বাস ও রেলভ্রমণে তাঁরা এতটাই ক্লান্ত ছিলেন যে সাইকেলে ঠিকমতো প্যাডেল মারতে পারছিলেন না। পারফরম্যান্সও হয়েছে বাজে। একটি পদকও আসেনি। অথচ আগের বছর এই প্রতিযোগিতা থেকে ব্রোঞ্জ জিতেছিলেন ফারহানা সুলতানা শিলা।
আগামী ফেব্রুয়ারিতে ভারতে হবে এসএ গেমস। সেটির প্রস্তুতির জন্যই এই প্রতিযোগিতায় অংশ নেওয়া। কিন্তু দিল্লিতে খেলা হয়েছে ভেলোড্রামে। অথচ এসএ গেমসে খেলা হবে রোড রেসের ইভেন্টে।
গত পরশু সবাই ভারত থেকে ফিরলেও কাল সন্ধ্যা পর্যন্ত খেলোয়াড়দের বাক্স-পেটরা ও সাইকেল তালাবদ্ধ করে রাখা হয় ফেডারেশনে। এ প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ খান বাবুলের বক্তব্য, ‘নতুন অফিস সহকারী এসেছে ফেডারেশনে। তার কাছে তো ৩ লাখ টাকা দামের সাইকেল রেখে যেতে পারি না। এ জন্যই চাবি নিয়ে চলে গিয়েছিলাম।’
সাইক্লিস্টদের আরও অভিযোগ, ভারতে তাঁদের নিম্নমানের হোটেলে খাওয়ানো হয়েছে। দৈনিক ভাতাও দেওয়া হয়নি। বাবুল এ নিয়ে কিছু বলতেই চাইছিলেন না, পরে অবশ্য বলেন, ‘আমার বড় ভাই স্ট্রোক করেছে। আমি হাসপাতালে যাচ্ছি। আমি মানসিকভাবে বিপর্যস্ত। উত্তর পরে দেব। শুধু এটুকু বলতে পারি, টাকাপয়সার অভাবেই সাইক্লিস্টদের সড়কপথে নিয়ে গেছি। ওদের রাখা হয়েছিল পাঁচ তারকা হোটেলে। কেউ যদি ওখানে গিয়ে শুঁটকি মাছ খেতে চায়, আমি সেটা কীভাবে দেব!’