দিল্লিতে রোমাঞ্চের আভাস
চেন্নাইয়ের প্রথম টেস্টে দলের দ্বিতীয় সেরা বোলার ছিলেন। তার পরও হায়দরাবাদে দ্বিতীয় টেস্টে বিস্ময়করভাবে বাদ পড়ে গেলেন নাথান লায়ন। মোহালিতে তৃতীয় টেস্টে ফিরলেও তেমন কিছুই করতে পারেননি। তবে ৫ উইকেট নিয়ে লায়ন নির্বাচকদের ‘ভুলটা’ ভেঙে দিলেন দিল্লিতেই। ২৫ বছর বয়সী অফ স্পিনারের কারণেই সিরিজে প্রথমবারের মতো জমিয়ে লড়াই করছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন শেষে দিল্লি টেস্টে রোমাঞ্চের আভাস।কাল আর ৩১ রান যোগ করে অস্ট্রেলিয়া হারায় শেষ দুটি উইকেট। ২৬২ রানের জবাবে ভারতের শুরুটা হয়েছিল দুর্দান্ত। মুরালি বিজয় ও চেতেশ্বর পূজারা উদ্বোধনী জুটিতেই করেন ১০৮ রান, সিরিজে যেটি ভারতের পঞ্চম শতরানের জুটি। কিন্তু লায়নের ঘূর্ণিতে সেই ভারত দিন শেষে ৮ উইকেটে করেছে ২৬৬ রান। ৪ রানের লিড। হাতে রয়েছে দুটি উইকেট।অবশ্য উইকেটের যে অবস্থা, তাতে পরে ব্যাট করে লিড নেওয়াটাই বড় কথা। মনস্তাত্ত্বিক লড়াইয়ে এটিই এগিয়ে দিচ্ছে। ধোনির চাহিদামাফিক উইকেটে প্রথম দিনেই অনেক চিড় দেখা গেছে। কাল তা ব্যাটসম্যানদের ভোগাল ভীষণ। স্পিনাররা তো বটেই; বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফাটল ধরা উইকেটে পেসাররাও আদায় করে নিয়েছেন বাড়তি সুবিধা।দুর্দান্ত শুরুর পরও ভারতের বেশি লিড নিতে না পারার কারণ, ভালো শুরুর পরও ব্যাটসম্যানরা ইনিংস টেনে নিয়ে যেতে পারেননি। আশা-জাগানিয়া শুরুর পরও পূজারা (৫২), বিজয় (৫৭), টেন্ডুলকার (৩২), ধোনি (২৪) ও রবীন্দ্র জাদেজাদের (৪৩) কেউই বড় ইনিংস খেলতে পারেননি। এর মূলে নাথান লায়ন। ভারতের প্রথম ৫ উইকেটের ৪টিই তুলে নেন তিনি। শুরুটা পূজারাকে বোল্ড করে। পরের ওভারে ফেরত পাঠিয়েছেন বিরাট কোহলিকেও। ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করা বিজয়কে আউট করেছেন সিডল। এরপর অজিঙ্কা রাহানে ও টেন্ডুলকারকে ফিরিয়ে দেন লায়ন। প্যাটিনসনকে পুল করতে গিয়ে ধোনি ক্যাচ দিয়েছেন মিড উইকেটে ও জাদেজা ফিরেছেন ম্যাক্সওয়েলের অফ ব্রেকে। দিনের সম্ভাব্য শেষ ওভার, প্রথম বলে রবিচন্দ্রন অশ্বিনকে এলবিডব্লু করে লায়ন ক্যারিয়ারে তৃতীয় এবং ভারতের বিপক্ষে প্রথমবারের মতো পূর্ণ করেন ৫ উইকেট। সঙ্গে সঙ্গে দিনের খেলারও সমাপ্তি।এর আগে কাল সকালেও অস্ট্রেলিয়ার ‘লেজ’ ভুগিয়েছে ভারতকে। ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি করা পিটার সিডলকে আউট করে ক্যারিয়ারে নবমবারের মতো ৫ উইকেট নেন অশ্বিন। প্যাটিনসনকে (৩০) কোহলির ক্যাচ বানিয়ে ভারতের ১৮তম বোলার হিসেবে টেস্টে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন প্রজ্ঞান ওঝা। তথ্যসূত্র: স্টার স্পোর্টস, ক্রিকইনফো।