দিল্লিতেও পারলেন না সিদ্দিকুর
আরও একবার আশা ভঙ্গের বেদনায় পুড়লেন সিদ্দিকুর রহমান। ভারতের সেইল-এসবিআই ওপেনেও তীরে এসে তরি ডুবল বাংলাদেশের সেরা গলফারের। প্রথম তিন দিনে ধারাবাহিকতটা শেষ দিনে এসে আর ধরে রাখতে পারলেন না। কাল পারের চেয়ে এক শট বেশি খেলে সিদ্দিকুর শেষ পর্যন্ত তৃতীয় হয়েছেন। এশিয়ান টুরের দ্বিতীয় শিরোপাটা তাই অধরাই হয়ে রইল। প্রথম দুটি হোলেই বার্ডি। কাল শুরুটা দারুণ হয়েছিল সিদ্দিকুরের। পরের সাতটি হোলে চারটি বগি করেই অবশ্য লাইনচ্যুত হয়েছেন। হতাশ একটা দিনের শেষে তাই সিদ্দিকুরের স্বীকোরোক্তি, ‘দিনটা আমার মোটেই ভালো যায়নি। অনির্বাণ ও রশিদকে লিডারবোর্ডে ওপরে উঠতে দেখলাম, কিন্তু তাঁদের ধরতে পারলাম না।’৩ লাখ ডলারের এই টুর্নামেন্টে টাইব্রেকারে স্বদেশি রশিদ খানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের অনির্বাণ লাহিড়ী। অনির্বাণ ও রশিদ প্রত্যেকেই সব মিলিয়ে খেলেছেন পারের চেয়ে ১৫ শট কম। সিদ্দিকুর খেলেছেন ১১ শট কম। বাংলাদেশের অপর গলফার জামাল হয়েছেন ৫১তম। তথ্যসূত্র: ওয়েবসাইট।