দিশাহীন ভারতের সামনে উদ্দীপ্ত ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ আজহারউদ্দিন কথা বলছিলেন জয়পুরে। ভারতীয় দল অনুশীলন করছিল কোচিতে। হাজার মাইল দূরের দুই শহর যেন এক সুতোয় বাঁধা পড়ল রোববার বিকেলে!আজহার জয়পুর গিয়েছিলেন একটা গলফ টুর্নামেন্ট উদ্বোধন করতে। হতে পারেন তিনি সংসদ সদস্য, হতে পারে উপলক্ষ গলফ। তাঁর আসল পরিচয় তো ক্রিকেটার! সাবেক ভারত অধিনায়ককে কথা বলতে হলো ক্রিকেট নিয়েই। ভীষণ হতাশ শোনাল আজহারের কণ্ঠ ‘ভারতীয় দলকে মনে হচ্ছে দিশাহীন। কেউ যেন জানে না কী হচ্ছে। কিছু একটা করা প্রয়োজন!’আজহারের কথাগুলোরই মিল পাওয়া যাচ্ছিল তখন কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে। অনুশীলন করছিল ভারতীয় দল। কিছুক্ষণ স্ট্রেচিং, হালকা ফিল্ডিং আর দুই দলে ভাগ হয়ে ফুটবল ম্যাচ—এই! সব মিলিয়ে দেড় ঘণ্টার অনুশীলন। এখানেই শেষ নয়, হোটেলে ফেরার পথে কিছুক্ষণ হলো নৌবিহার। অন্যদিকে ইংল্যান্ড অনুশীলনে চলে এসেছিল নির্ধারিত সময়ের আধঘণ্টা আগেই। ব্রেসনান-ফিনরা ম্যাচের মেজাজে বোলিং করলেন নেটে। কুক-বেল-পিটারসেনরা ব্যাটিং করেছেন দীর্ঘ সময় ধরে। এরপর হোটেলে ফিরে টিম মিটিং। এসব দেখে বোঝা মুশকিল আসলে সিরিজে পিছিয়ে আছে কোন দল!এমন নয়, অনুশীলনে ঘাম ঝরিয়েই আজ পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয়টিও জিতে ফেলেছে ইংল্যান্ড! গতকাল নিবিড় অনুশীলন করেছে দুই দলই। তবে পরশুর অনুশীলনের বিপরীত চিত্র দুই দলের মানসিকতাই যেন ফুটিয়ে তুলছে। অবশ্য ‘দড়িতে বেশি পাক দিলে ছিঁড়ে যেতে পারে’ ভেবে সতীর্থদের হয়তো চনমনেই রাখতে চেয়েছেন মহেন্দ্র সিং ধোনি।ভারতের দুঃসময়ের আঁচটা বেশি লাগছে এই ধোনির গায়েই। দলের ব্যর্থতার দায় অনেকটাই বর্তায় অধিনায়কের কাঁধে। একাদশ নির্বাচন, ফিল্ডিং সাজানো, বোলিং পরিবর্তন নিয়ে অনেক সমালোচনা শুনতে হচ্ছে ভারত অধিনায়ককে। ব্যাট হাতে অবশ্য দারুণ ফর্মে আছেন, এখনো দলের সেরা ব্যাটসম্যানদের একজন। গত ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে আসলে স্লগ ওভারের বোলিং। শেষ দুই ওভারে ৩৮ রান দিয়েছিল ভারত, আর শেষ পর্যন্ত ম্যাচ হেরেছিল ৯ রানে। আজ নিশ্চয়ই এই দুর্বলতা ঢাকতে চাইবে ভারত। ভারতের মাটিতে ওয়ানডেতে ভারতকে হারানোর স্বাদ প্রায় ভুলতেই বসেছিল ইংল্যান্ড। টেস্ট সিরিজ জিতে উদ্দীপ্ত অ্যালিস্টার কুকের দল এবার জিতেছে প্রথম ওয়ানডেও। আত্মবিশ্বাসে টইটম্বুর দলের চোখে এখন সিরিজ জয়ের স্বপ্ন। ওয়েবসাইট।