দিশেহারা ময়েস
হাতি গর্তে পড়লে তাকে নাকি চামচিকাও লাথি মেরে যায়। এই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েছে সেই দশা। দিনকাল খারাপ যাচ্ছে, আর এই সুযোগে প্রিমিয়ার লিগের খর্বশক্তির দলগুলোও ইউনাইটেডকে লম্বা সময় ধরে হারাতে না-পারার আক্ষেপ ঘুচিয়ে নিচ্ছে। অনেক দিন পর এই মৌসুমেই ইউনাইটেডকে হারানোর স্বাদ পেয়েছিল ওয়েস্ট ব্রম, এভারটন, নিউক্যাসল। পরশু সেই দলে নাম লেখাল স্টোক সিটিও। ব্রিটানিয়া স্টেডিয়ামে ২-১ গোলে জিতে ঘোচাল ইউনাইটেডের বিপক্ষে প্রায় ৩০ বছর কোনো ম্যাচ না-জেতার আক্ষেপ। স্টোকের এই মাঠেও এটা ইউনাইটেডের ইতিহাসে প্রথম হার! আর এ সবকিছু তাঁর দায়িত্বকালে হচ্ছে বলেই কি না এ মুহূর্তে দিশেহারা ইউনাইটেড কোচ ডেভিড ময়েস, ‘জয়ের জন্য আমাদের আর কী করতে হবে আমি জানি না।’ এই নিয়ে লিগে এই মৌসুমে এটা ইউনাইটেডের অষ্টম হার। পয়েন্ট তালিকায় আপাতত অবস্থান ৭ নম্বরে! তবে পরশুর হারটাকে কিছুটা দুর্ভাগ্যজনকও মনে করেন ময়েস, ‘এ রকম কঠিন পরিস্থিতিতেও আমরা ভালো খেলেছি। কিন্তু ভাগ্য আমাদের সঙ্গে ছিল না।’ কিছুটা ভাগ্যের সহায়তা পেয়েছেন—এটা স্বীকার করেছেন স্টোক সিটির কোচ মার্ক হিউজও। তবে একসময়ের এই ইউনাইটেড স্ট্রাইকার মনে করেন জয়টা তাঁর দলেরই পাওনা ছিল, ‘আমাদের ছেলেরা সর্বস্ব দিয়ে খেলেছে।’
ইউনাইটেডের মতো না হারলেও পরশু পয়েন্ট হারিয়েছেন সিরি ‘আ’র পরাশক্তি এসি মিলান। সান সিরোতে তুরিনোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। নতুন কোচ ক্ল্যারেন্স সিডর্ফের অধীনে এই প্রথম পয়েন্ট হারাল মিলান। এএফপি।