দীপু লালকে ছাড়াই ইরান যাচ্ছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেভিস কাপের এশিয়া-ওশেনিয়া অঞ্চলে কখনোই গ্রুপ-২-এ ওঠা হয়নি বাংলাদেশের। সেই স্বপ্ন নিয়েই আজ তেহরানে যাবে বাংলাদেশ টেনিস দল। কিন্তু এই স্বপ্নের মধ্যে একটা শূন্যতাও আছে। দলের অন্যতম ভরসা দীপু লালকে ছাড়াই বাংলাদেশকে খেলতে হবে ডেভিস কাপের গ্রুপ ৩-এ। আয়োজক ইরান টেনিস ফেডারেশন দীপুকে ইরানে খেলার অনুমতি দেয়নি। আটটি দেশ নিয়ে ২৫ এপ্রিল তেহরানে শুরু হচ্ছে টুর্নামেন্ট।ইরান টেনিস ফেডারেশন পরিষ্কার কোনো ব্যাখ্যা না দিলেও ধারণা করা হচ্ছে, দীপুর বড় ভাই শিবু লালের মার্কিন নাগরিকত্বই তাঁর জন্য অন্তরায় হয়েছে। শিবু লাল যুক্তরাষ্ট্রপ্রবাসী। তবে দ্বৈত নাগরিকত্ব থাকায় বাংলাদেশের হয়ে ডেভিস কাপে খেলেন। ২০১০ সালে শিবু লালও ইরানে গিয়ে ডেভিস কাপ খেলে এসেছেন। কিন্তু এখন যুক্তরাষ্ট্র-ইরানের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনে শিবুরই সহোদর ইরানে প্রবেশের অনুমতি পাননি বলে মনে করছেন বর্তমান জাতীয় চ্যাম্পিয়ন অমল রায়।দীপুর জন্য আক্ষেপ হচ্ছে টেনিস ফেডারেশনের সভাপতি শাহরিয়ার আলমের, ‘এটা একটা দুঃসংবাদ। ওকে পাঠানোর জন্য সবই করেছি। বিষয়টার স্পষ্ট ব্যাখ্যা পেতে অপেক্ষা করতে হবে আইটিএফের পরের কংগ্রেস পর্যন্ত। কোপেনহেগেনে আগামী ১০ জুলাইয়ের সভায় তাদের কাছে এ ঘটনার ব্যাখ্যা চাইব।’ডেভিস কাপে খেলার জন্য গত জানুয়ারি থেকে প্রস্তুতি শুরু করে বাংলাদেশ। ভারতীয় কোচ গজেন্দ্র সিংয়ের তত্ত্বাবধানে ঢাকায় এক মাসের প্রস্তুতি নিয়েছেন অমল, রঞ্জন রাম, হেনরি পৃথুল ও দীপু লাল। কিন্তু অমল মনে করছেন দীপুর অনুপস্থিতিতে তিনজনের দলের পক্ষে কাজটা সহজ হবে না, ‘আমাদের তিনজনের দলের ওপর খুব চাপ পড়বে। একক শেষ করেই দ্বৈতে খেলতে হবে। কেউ ইনজুরিতে পড়লে তো বড় সমস্যা।’ খেলা হবে ক্লে-কোর্টে। কিন্তু বাংলাদেশ প্রস্তুতি নিয়েছে হার্ড কোর্টে।