দীর্ঘ অপেক্ষা ফুরোচ্ছে সিদ্দিকুরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিদ্দিকুর রহমান
সিদ্দিকুর রহমান

সর্বশেষ গত ৮ জুন আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলেছেন। থাইল্যান্ডের কুইন্স কাপে হয়েছিলেন তৃতীয়। তারপর লম্বা বিরতি। চোটের কারণে ফিটনেস ফিরে পাচ্ছিলেন না। চিকিৎসার জন্য মালয়েশিয়ায় কদিন আগে গিয়েছিলেন। মালয়েশিয়া থেকেই নিয়েছেন তাইওয়ানের ভিসা, সেখানে খেলা আছে সামনে। মালয়েশিয়া থেকে পরশু দেশে ফিরে গতকাল আড়াই মাস পর অনুশীলনে ফিরলেন সিদ্দিকুর রহমান।
৩০ আগস্ট যাচ্ছেন সুইজারল্যান্ড। সেখানে ৪-৭ সেপ্টেম্বর ওমেগা ওপেনে খেলবেন। প্রায় তিন মাস পর এই প্রতিযোগিতা দিয়ে বাংলাদেশের সেরা গলফারের আন্তর্জাতিক গলফে ব্যস্ত হবেন আবার।
ওমেগা মাস্টার্স বেশ চেনা টুর্নামেন্টই সিদ্দিকুরের কাছে। চারবার খেলেছেন, দ্বিতীয়বার ছিলেন সেরা কুড়িতে। বাকি তিনটিতে অবশ্য তেমন সুবিধা করতে পারেননি। তবে এবার ওই টুর্নামেন্টে নিজের উপস্থিতি ভালোভাবেই জানান দিতে চান দুটি পেশাদার টুর্নামেন্ট জেতা বাংলাদেশের গলফার।
‘তিন মাস পর খেলব আবার। নিজেকে পুরো তৈরি করেই সুইজারল্যান্ড যেতে চাই। আশা করছি, এবার সেখানে ভালো কিছু উপহার দিতে পারব। সেরা দশে থেকে টুর্নামেন্টটা শেষ করতে পারলে খুশিই হব’—আত্মবিশ্বাসী শোনাল সিদ্দিকুরের কণ্ঠ। আত্মবিশ্বাসটা বেড়ে যাচ্ছে চলতি বছরে নিজের পারফরম্যান্সে। যে সাত-আটটি টুর্নামেন্ট খেলেছেন, তার মধ্যে দুটিতে হয়েছেন রানারআপ, একটিতে তৃতীয়। যা তাঁকে পুরোপুরি তৃপ্ত না করতে পারলেও এগিয়ে চলার পথে জুগিয়েছে বড় প্রেরণাই, ‘এ বছর এখন পর্যন্ত ভালোই করেছি। এটা আমাকে আরও এগিয়ে যেতে উদ্বুদ্ধই করছে।’
ব্রুনাই ওপেন জয় ২০১০ সালের এই আগস্ট মাসেই। সেটি ছিল তাঁর প্রথম এশিয়ার ট্যুর শিরোপা। গত বছর এল দ্বিতীয়টি, জিতছেন ভারত ওপেন। তারই সুবাদে কদিন আগেই তাঁর হাতে উঠেছে গ্রামীণফোন প্রথম আলো ২০১৩ বর্ষসেরা রানারআপ পুরস্কার। কিন্তু এ বছর তো এখনো কোনো শিরোপা আসেনি। সিদ্দিকুর শিরোপা সুবাস নিয়েই তাহলে খুশি থাকবেন?
উত্তরটা জানাই। শিরোপায় যাঁর চোখ থাকে, দ্বিতীয়-তৃতীয় হয়ে খুশি থাকেন কী করে! নিজেই বলেন, ‘এ বছর আশা করি তৃতীয় শিরোপাটা জিতব। কিন্তু কোন টুর্নামেন্টে জিতব সেটি তো আগে থেকে বলা কঠিন। সামনে অনেক খেলা। আমার মনে হচ্ছে তৃতীয়টা বেশি দূরে নয়।’
সিদ্দিকুরের এই আশাবাদের ভিত্তিমূলে আছে চোট থেকে সেরে ওঠার স্বস্তি। ব্যায়াম করার সময় কোমরে চোট পেয়েছিলেন, ভাবতে পারেননি সেটিই তাঁকে আড়াই মাস গলফ কোর্সের বাইরে রাখবে। এমনিতে গলফারদের কোমরে ব্যথাটা খুব স্বাভাবিক ব্যাপার। এই খেলাটায় কোমরের ব্যবহার অনেক বেশি। তাই এটিকে খুব বেশি গুরুত্ব না দিয়ে অপেক্ষা করছিলেন আবার নতুন করে ক্লাব হাতে কোর্সে ফেরার।
গতকাল সেই অপেক্ষা ফুরানোর পর সিদ্দিকুর বলছিলেন, ‘সপ্তাহ দুয়েক আগে টাইগার উডসও চোটে পড়লেন। তাঁর মাসল পুল করেছে। কোমরের ব্যথাটা তো গলফারদের কমন চোটই। সেটি থেকে মুক্ত হয়ে আড়াই মাস পর অনুশীলন করলাম আজ, যেন নতুন প্রাণ পেলাম। মনেই হয়নি আমি লম্বা একটা সময় গলফের বাইরে ছিলাম। এতটাই ভালো লাগছে।’
এমনিতে প্রায় মাসে দু-তিনটি টুর্নামেন্ট থাকেই। ফিট থাকলে দেশ থেকে দেশে ছুটে বেড়ান বাংলাদেশের গলফের প্রতীক হয়ে। আড়াই মাস সেই ধারায় ছেদ পড়ায় তাঁর নিজের ভাষায় ‘বিরক্তি’ ধরে গিয়েছিল। সুইজারল্যান্ডের ওমেগা টুর্নামেন্টে ইউরোপের নামী গলফারদের সঙ্গে খেলার কথা ভেবে এখন বেশ উৎফুল্ল তিনি। চোটমুক্ত হয়ে গলফে ফেরা সিদ্দিকুরের জন্য সেটিও নতুন আশার দুয়ার খুলে দিয়েছে।