দীর্ঘ ইনিংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ রানের ইনিংসটি বীরেন্দর শেবাগের দীর্ঘতম ওয়ানডে ইনিংসও। অবশ্য শেবাগের ১৪৯ বলের ইনিংসটি সেরা এক শ দীর্ঘ ইনিংসের তালিকাতেই নেই। ওয়ানডেতে বল খেলার ডাবল সেঞ্চুরিও করেছেন একজন। ১৯৭৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের গ্লেন টার্নার পূর্ব আফ্রিকার বিপক্ষে ২০১ বলে করেছিলেন অপরাজিত ১৭১ রান। ওই ম্যাচের সাত দিন পরেই ভারতের বিপক্ষে ১৭৭ বলে অপরাজিত ১১৪ করে দলকে জিতিয়েছিলেন নিউজিল্যান্ডের এই উদ্বোধনী ব্যাটসম্যান। টার্নারের এই দুটি ইনিংসই আছে সবার ওপরে। তিনে আছে পাকিস্তানের বর্তমান কোচ মহসিন খানের ১৯৮৩ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করা ১৭৬ বলে ৭০ রান। চারে পুরো ৬০ ওভার ব্যাট করে সুনীল গাভাস্কারের সেই ৩৬ রান। ইংল্যান্ডের বিপক্ষে ওই ইনিংসে ১৭৪ বল খেলেছিলেন সানি। এই শতকের সবচেয়ে দীর্ঘ ইনিংসটি (১৭২ বল) খেলেছেন কানাডার আশিস বাগাই ২০০৭ সালে স্কটল্যান্ডের বিপক্ষে।