দীর্ঘ প্রতীক্ষায় পাওয়া
এক দেশের অপেক্ষা ৮০ বছরের, আরেক দেশের ১০৮ বছরের। জ্যাভিলিনে জার্মানি ও ১৫০০ মিটারে যুক্তরাষ্ট্রের সেই অপেক্ষার শেষ হয়েছে পরশু।

জ্যাভলিন থ্রো
সেই ১৯৩৬ বার্লিন অলিম্পিকে জার্মানির হয়ে জ্যাভলিনে সোনা জিতেছিলেন গেরহার্ড স্টক। সেই সাফল্যের ৮০ বছর পর আবার জ্যাভলিনে জার্মানিকে সোনা এনে দিলেন টমাস রোলার। ৯০.৩০ মিটার দূরত্ব পার করতে পেরেছেন রোলার। সোনা জয়ের পথে হারিয়েছেন গতবারের অলিম্পিক চ্যাম্পিয়ন ও বিশ্বচ্যাম্পিয়নকেও।
১৫০০ মিটার
ট্র্যাকে যা কিছু পাওয়া সম্ভব, তার প্রায় সবকিছুই যুক্তরাষ্ট্রের পাওয়া হয়ে গেছে। কিন্তু শত বছরের বেশি পেরিয়ে যাওয়ার পরেও ১৫০০ মিটারের সোনা অধরা ছিল মার্কিনদের। ১৯০৮ লন্ডন অলিম্পিকে সর্বশেষ জিতেছিলেন মেল শেফার্ড। ১০৮ বছর পরে সেটি পুনরুদ্ধার করলেন ম্যাথু সেন্ট্রোউইটজ। চার বছর আগে লন্ডনে চতুর্থ হয়েছিলেন। এবার সেই প্রাপ্তির আনন্দে সেন্ট্রোউইটজ যেন আত্মহারা, ‘জীবনে যা কিছু পেয়েছি, তার সঙ্গে এটার কোনো তুলনাই হয় না।’ এএফপি।