দীর্ঘ বিশ্রাম শেষে ক্রিকেটাররা চনমনে
মাশরাফি বিন মুর্তজার পরিবর্তনটা বেশ চোখে পড়ল। ছোট ছোট চুল এই কদিনে কাঁধ পর্যন্ত নেমে এসেছে। রংও বদলে গেছে। কালো চুল এখন সোনালি। তাহলে শচীন টেন্ডুলকারকেই কি অনুসরণ করছেন?ভুল ভাঙল একটু পর। মাথা থেকে চুলের গোছা তুলে আনলেন হাত দিয়ে। বেরিয়ে এল ন্যাড়া মাথা! মাশরাফির কথা শুনে বিস্ময় কাটল, ‘নড়াইলে এক বন্ধুর কাপড়ের দোকানে গিয়ে দেখলাম পুতুলের মাথায় এটা পরিয়ে রেখেছে। সেখান থেকেই নিয়ে এলাম।’ মাথা ন্যাড়া করার পর মাশরাফি মজা করে পরচুলা পরছেনও। আফসোস শুধু প্র্যাকটিসে পরতে পারছেন না বলে, ‘মাথা কামিয়ে ফেলায় কেমন যেন লাগছে। বিশ্বাস করেন, এখন মাঠে নেমে খেলতে হলে এটা পরেই খেলতাম, ন্যাড়া মাথায় নামতাম না। কিন্তু প্র্যাকটিসে তো আর এসব পরা যায় না।’প্র্যাকটিসটাও ব্যাটিং-বোলিংয়ের নয় যে পরচুলা পরে মজা করবেন। কন্ডিশনিং ক্যাম্পের প্রথম দিনে কাল ফিটনেস পরীক্ষা হলো সবার। খেলোয়াড়দের শরীরের মেদ দেখে নিয়েছেন ট্রেনার গ্রান্ট লুডেন। দুই মাসের ছুটিতে খাবারদাবারে নিয়ন্ত্রণ থাকার কথা নয় কারোরই। তার পরও বাড়তি চর্বি চিন্তিত হওয়ার মতো নয় জেনে খুশি ট্রেনার। এরপর ব্লিপ টেস্ট, ইয়ো ইয়ো টেস্টেও কারও ফিটনেসে সমস্যা ধরা পড়েনি লুডেনের চোখে।এশিয়া কাপের পর দুই মাসের বিরতি গেছে। পুনর্বাসন-প্রক্রিয়ার অংশ হিসেবে চোটে ভোগা খেলোয়াড়েরা এই সময়ে জিম-রানিং করেছেন। পেসার শফিউল ইসলামও ছিলেন এই দলে। তিন-চারজনের সেই পর্ব থেকে কাল একসঙ্গে ২২ জন! অনুশীলন শেষে শফিউল বলছিলেন, ‘এত দিন তিন-চারজন একসঙ্গে কাজ করেছি। কিন্তু সবাই একসঙ্গে করার মজা অন্য রকম।’ চোটের বিরুদ্ধে লড়াইয়ে নিজেকে জয়ী মনে করছেন এই পেসার, ‘অবস্থা এখন অনেকটাই ভালো। থ্রো করতে একটু সমস্যা হলেও বোলিংয়ে সমস্যা হচ্ছে না। যত সময় যাবে, আশা করি ঠিক হয়ে যাবে।’মাশরাফি আগেও বলেছেন, টানা খেলার মধ্যে থাকার পর খেলোয়াড়দের শারীরিক ও মানসিক দুই রকম বিশ্রামই দরকার ছিল। বিশ্রাম শেষে মাঠে ফেরার দিন যথেষ্ট চনমনে তিনি। পরচুলা নিয়ে দুষ্টুমি তো ছিলই, প্রথম দিনের ফিটনেস ট্রেনিংটাকেও বেশ উপভোগ্য বললেন মাশরাফি, ‘যতটুকু বিশ্রাম পেয়েছি, তার প্রয়োজন ছিল। আবার ক্যাম্পটাও এ মুহূর্তে শুরু করা দরকার ছিল। প্রথম দিনে খুব ভালো কাজ হয়েছে। এর পর বোলিং-ব্যাটিং প্র্যাকটিস শুরু হবে। আশা করি, তখন ফিটনেস ট্রেনিংয়ের ইতিবাচক প্রভাব পড়বে।’মাশরাফি ফিরলেও কাঁধের চোটে মাঠের বাইরে রুবেল হোসেন। গত ১৮ মে অস্ত্রোপচার করিয়েছেন কেপটাউনে। দুই দিন নিবিড় পর্যবেক্ষণে থাকার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনো জানা যায়নি কবে তিনি দেশে ফিরবেন, কবে ফিরতে পারবেন মাঠে। মাশরাফি অবশ্য আশার জাল বুনছেন রুবেল-শফিউলদের নিয়ে, ‘ইনজুরি খেলারই অংশ। আশা করি, সবাই সুস্থ হয়ে আবার দলে ফিরবে। তা ছাড়া নতুন যারা আছে সবাই ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছে। সুযোগ পেলে তারা সেই পারফরম্যান্সটা জাতীয় দলে টেনে আনতে পারবে বলে আমার বিশ্বাস।’জানাই ছিল মুশফিকুর, সাকিব, তামিম আর আশরাফুল প্রথম দিনের অনুশীলনে থাকবেন না। স্ত্রীর অসুস্থতার কারণে কাল যোগ দিতে পারেননি অলক কাপালিও।