দীর্ঘ মেয়াদে দায়িত্ব চান মুশফিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিল্ডিং অনুশীলনে চনমনে মুমিনুল-মুশফিক। কাল মিরপুরে  প্রথম আলো
ফিল্ডিং অনুশীলনে চনমনে মুমিনুল-মুশফিক। কাল মিরপুরে প্রথম আলো

গত জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজ হারার পর আবেগাপ্লুত হয়ে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। দেশে ফিরে বোর্ড সভাপতির হস্তক্ষেপে আবার সেটা নিলেও এবারও দীর্ঘ মেয়াদে দায়িত্ব পাননি মুশফিকুর রহিম। তাঁর অধিনায়কত্বের মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশের পরের সিরিজ আগামী জানুয়ারিতে। তার মানে, আজ নিউজিল্যান্ড সিরিজ দিয়েই আপাতত শেষ হয়ে যাচ্ছে মুশফিকের নেতৃত্বের মেয়াদ।
মুশফিকের নেতৃত্বে বাংলাদেশ দল যে রকম সাফল্য পাচ্ছে, বোর্ড হয়তো আবারও তাঁকেই দেবে অধিনায়কের দায়িত্ব। তবে এবার লম্বা সময়ের জন্যই সেটা চাইতে পারেন মুশফিক। কাল সংবাদ সম্মেলনে সে রকম আভাস দিয়ে বললেন, ‘এরপর যে-ই অধিনায়ক হোক না কেন, তাকে যেন যথেষ্ট সময় দেওয়া হয়। যাতে সে একটা পরিকল্পনা নিয়ে এগোতে পারে।’ কোচ শেন জার্গেনসেনকে সেই সুযোগ দিয়েছে বিসিবি। অস্থায়ী কোচ হিসেবে সাফল্যের পুরস্কারস্বরূপ ২০১৫ সালের বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছে তাঁর মেয়াদ। মুশফিক সেদিকে ইঙ্গিত করে বললেন, ‘কোচকে সেটা দেওয়া হয়েছে। তাঁর যেমন একটা পরিকল্পনা আছে, অধিনায়কেরও একটা পরিকল্পনা নিয়ে এগোতে হয়। সে অনুযায়ী কাজ করতে হয়। আমার মনে হয়, দলের জন্যও সেটা ভালো। আশা করি, ভবিষ্যতে সেটাই হবে।’
টেস্ট সিরিজ শেষে আরও বেশি টেস্ট খেলার সুযোগ চেয়েছিলেন। সেটি আবার বললেন। সঙ্গে জানিয়ে দিলেন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার আকাঙ্ক্ষাও, ‘আমরা বোধহয় ৩ টেস্টের সিরিজ খুব বেশি খেলিনি। আশা করব ভবিষ্যতে খেলব। টেস্ট বেশি খেললে যেকোনো ফরম্যাটেই ভালো খেলা সম্ভব। তা ছাড়া আমরা পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজও বেশি খেলি না। আশা করি ভবিষ্যতে এটাও খেলব।’
অধিনায়ক মুশফিকুর রহিম
নেতৃত্বের রেকর্ড
ম্যাচ জয় ড্র হার
টেস্ট ১২ ১ ৪ ৭
ওয়ানডে ২৪ ১১ ১ ১২
টি-টোয়েন্টি ১৪ ৬ ০ ৮
ব্যক্তিগত পারফরম্যান্স
রান সর্বোচ্চ গড় ডিসমিসাল
টেস্ট ৮৮৩ ২০০ ৪৪.১৫ ২৮
ওয়ানডে ৫৭৪ ৯০ ২৮.৭০ ২৯
টি-টোয়েন্টি ২৫০ ৪১* ২২.৭২ ১৪