দীর্ঘ লাফের অপেক্ষায় বোল্ট
ছোটবেলায় ক্রিকেট খেলতেন, ফুটবল খেলতেন। এখন তিনি বিশ্বসেরা স্প্রিন্টার। কিন্তু উসাইন বোল্টের ছোটবেলায় আরেকটা পরিচয় ছিল। ছোটবেলায় তিনি নাকি দীর্ঘ লাফেও ছিলেন দুর্দান্ত। বাড়িতে বসে অবসর সময় কাটাতে গিয়ে এত দিন পর ছোটবেলার কথা খুব মনে পড়ছে তাঁর।শুধু মনে পড়লে কথা ছিল না। জ্যামাইকা থেকে ফোনালাপের সময় বললেন, আবার দীর্ঘ লাফে ফিরতে চান। দিন-তারিখও মোটামুটি ঠিক করে ফেলেছেন, ২০১৩ সালের মস্কো বিশ্ব চ্যাম্পিয়নশিপেই নাকি দীর্ঘ লাফে অংশ নেবেন বোল্ট।বোল্টকে দীর্ঘ লাফে উত্সাহিত করেছেন আসলে যুক্তরাষ্ট্রের মাইক পাওয়েল। ১৯৯১ সালে ৮.৯৫ মিটার লাফিয়ে পাওয়েল ভেঙেছেন বব বিমনের বিশ্ব রেকর্ড। গত বছর পাওয়েল বলেছেন, বর্তমানে এই রেকর্ড ভাঙার যোগ্যতা উসাইন বোল্টেরই আছে।বোল্টও খুব উত্সাহী হয়ে পড়েছেন। তাঁকে উত্সাহ দিচ্ছে বছর দুয়েক আগে চেক রিপাবলিকের একটা স্মৃতিও, ‘ছোটবেলায় খেলাধুলার সময় দীর্ঘ লাফে অংশ নিতাম। তবে সেটা খুব সিরিয়াস কিছু ছিল না। কিন্তু সে বছর অস্ত্রাভাতে আমি একটা লাফ দিয়েছিলাম। ট্র্যাক স্যুট পরেই অনেকটা দূর পার হয়ে গিয়েছিলাম। তখনই সিদ্ধান্ত নিয়েছি অবসর নেওয়ার আগে, ক্যারিয়ার শেষ করার আগে এটা আমাকে করতেই হবে।’দীর্ঘ লাফে আবার অংশ নেবেন তিনি, তবে কিঞ্চিৎ সমস্যাও আছে। যদি কোচ গ্লেন মিলস ‘না’ করেন? কোচের কথা অমান্য করবেন না বোল্ট। কোচ বললে আপাতত দীর্ঘ লাফের স্বপ্ন ছেড়ে ৪০০ মিটারেই দৌড়াবেন, ‘আমি আসলেই বিশ্বাস করি, আমি ভালো লং-জাম্পার হতে পারব। তবে আমি ঠিক জানি না, কোচ কী ভাবছেন। উনি আবার হয়তো বলবেন, ৪০০ মিটারে দৌড়াতে।’এটাও বোল্টের কাছে অনেক দিনের দাবি। বেইজিং অলিম্পিকে ১০০ ও ২০০ মিটারে তাঁর শুরুর ভঙ্গি দেখেই সবাই ভেবেছিলেন, বোল্ট মাঝারি পাল্লার দৌড়েও খুব ভালো হবেন। বোল্ট নিজেও ৪০০ মিটার নিয়ে আশাবাদী। তাই বলছেন, কোচ বললে ৪০০ মিটারেই দৌড়াবেন, ‘অনেকেই মনে করে, আমি ৪০০ মিটারে খুব ভালো করতে পারব। উনি (কোচ) যদি বলেন, আমি তাহলে সেটাই করব। আমি আসলে কোচের কথামতোই চলি। কারণ এতগুলো বছর ধরে উনিই আমাকে অনুপ্রাণিত করে আসছেন।’তবে ২০১৩ সালে কী করবেন, সেটা একটু পরে ভাবাই ভালো। তার আগে ২০১২ সালে লন্ডন অলিম্পিক আছে। দীর্ঘ লাফ, ৪০০ মিটার—এগুলোকে মনের কোনায় তুলে রেখে বোল্ট আপাতত সামনের অলিম্পিকে স্প্রিন্ট শিরোপা ধরে রাখা নিয়েই ভাবছেন।১০০ মিটারে শ্রেষ্ঠত্ব ধরে রেখে ছুঁয়ে ফেলতে চান কার্ল লুইসের অনন্য কৃতিত্ব, ‘আপাতত আমার লক্ষ্য, শুধু শিরোপা ধরে রাখা। এখন তাই শুধু এসব নিয়েই ভাবছি। তারপর লন্ডন গেমস শেষে বাকি ইভেন্টগুলো নিয়ে ভাবা যাবে।’মাসখানেক আগে হলেও বোল্টের শ্রেষ্ঠত্ব ধরে রাখা নিয়ে কথা বলারই দরকার ছিল না। কিন্তু বোল্টের রাজত্বে যে হামলা করতে শুরু করেছেন টাইসন গে! স্টকহোম ডায়মন্ড লিগে সামান্য অসুস্থ বোল্টকে হারিয়ে দিয়েছেন গে।এই হারটাই নাকি জ্যামাইকার স্প্রিন্টারকে আরও অনুপ্রাণিত করছে, ‘আমি কখনোই হারতে পছন্দ করি না। আমি অবশ্য এই মৌসুমে সেরা ফর্মে ছিলাম না। কিন্তু আমি জানি, পরাজয় পরাজয়ই। তবে এতে খেলাটা আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। আমি জানি, পরেরবার ওর সঙ্গে আমার লড়াইটা আরও জমজমাট হবে। আমার চোখ ওই লড়াইয়ের দিকে। তবে এবার গল্পটা অবশ্যই অন্যরকম হবে। ব্যাপারটা গেও জানে, আমিও জানি।’ রয়টার্স।