দীর্ঘ সাঁতারে রিজতোভের পর মেলুলি
ফিরে আসার গল্পটা এর চেয়ে নিপুণভাবে আর চিত্রায়িত হতে পারত না! অভিমানে নিয়েছিলেন অবসর। সাঁতার ছেড়ে ফিরে গিয়েছিলেন ‘সাধারণ জীবনে’। তা-ও সাত বছর আগের কথা। দীর্ঘ চার বছর ‘সাধারণ জীবন’ কাটিয়ে নাটকীয়ভাবে আবার পুলে ফেরা সেই মেয়েই জিতে নিলেন অলিম্পিক সোনা। পরশু মেয়েদের সাঁতারের ম্যারাথন, ১০ কিলোমিটার সাঁতারে সোনা জিতেছেন ইভা রিজতোভ।১ ঘণ্টা ৫৭ মিনিট ৩৮ সেকেন্ড জলের সঙ্গে লড়াইয়ের পর সোনার পদক গলায় তুলেছেন হাঙ্গেরির মেয়ে। রিজতোভের চেয়ে সেকেন্ডের ভগ্নাংশ সময় কমে (০.৪ সেকেন্ড) রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের হেলি অ্যান্ডারসন। ব্রোঞ্জ জিতেছেন ইতালির মার্তিনা গ্রিমাল্ডি।২০০০ সিডনি অলিম্পিকে যখন অংশ নেন, রিজতোভের বয়স মাত্র ১৪। ছিলেন পরের ২০০৪ এথেন্স অলিম্পিকেও। কিন্তু জিতেতে পারেননি কিছুই। ২০০৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনটি রুপা জেতা সাঁতারু ২০০৫ সালে নেন অবসর। তবে তিন বছর আগে ডেব্রেসেনের সাঁতার ক্লাব থেকে ডাক না পেলে হয়তো স্বপ্নটা অধরা থেকে যেত চিরকালই! সোনা জয়ের পর রিজতোভ ডেব্রেসেনের কাছে কৃতজ্ঞ, ‘আমি ভাবিইনি আবার শুরু করব। তখনই, তিন বছর আগে ডেব্রেসেনের একটি ক্লাব থেকে ফোন পাই। এটা এখন আমার শহর। তারা আমার পাশে ছিল বলেই আমি আবার শুরু করতে পেরেছি। কাজেই আমি ডেব্রেসেনের ক্লাবটিকে ধন্যবাদ জানাতে চাই।’ডেব্রেসেন যে রিজতোভের হূদয়ের কত কাছাকাছি, তা জানতে পারেন এ ঘটনায়ও। মেয়ের সাঁতার দেখার জন্য বিমানের টিকিট কেটে তাঁর মাকে লন্ডনের বিমানে তুলে দেন এই শহরের মেয়র। ব্যাপারটা ঘুণাক্ষরেও কেউ জানত না। রিজতোভ তো লন্ডনে মাকে দেখে মহাবিস্মিত।কাল ছেলেদের ইভেন্টে সোনা জিতেই ইতিহাস গড়েছেন উসামা মেলুলি। হাইড পার্কের জলাশয়ে ১০ কিলোমিটারে সোনা জেতার আগে ১৫০০ মিটারে ব্রোঞ্জ জিতেছেন তিউনিসিয়ান সাঁতারু। পুল ও উন্মুক্ত দুই জায়গাতেই পদক জেতা প্রথম সাঁতারু মেলুলির সময় লেগেছে ১ ঘণ্টা ৪৯ মিনিট ৫৫.১ সেকেন্ড। রুপা জিতেছেন জার্মানির টমাস লুর্জ ও ব্রোঞ্জ কানাডার রিচার্ড উইনবার্গার। এএফপি।