দুঃখ আছে, সঙ্গে গর্বও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের আগে পর্তুগাল মাত্র চারবার বিশ্বকাপ খেলতে পেরেছে। তার মধ্যে দুবারই প্রথম পর্ব থেকে বিদায় নিয়েছে তারা। তাহলে এবার দ্বিতীয় পর্ব থেকে পর্তুগালের বিদায় নেওয়া নিয়ে শোক কেন?কারণ, ইতিহাস দিয়ে পর্তুগালকে বোঝা যাবে না। এই পর্তুগাল র‌্যাঙ্কিং অনুযায়ী এখন বিশ্বের তৃতীয় সেরা, এই পর্তুগাল ইউরোপের পরাশক্তি, এই পর্তুগাল ‘সোনালি প্রজন্মে’র উত্তরসূরি। সবচেয়ে বড় কথা, এই পর্তুগালে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো নামের এক খেলোয়াড়। অতএব, দ্বিতীয় পর্ব থেকে বিদায় নেওয়া পর্তুগালের জন্য শোকের ব্যাপার।কার্লোস কুইরোজ শোক করতে পারছেন না। আফসোস করছেন, কিন্তু দুঃখ করার সুযোগ পাচ্ছেন না। কারণ, তাঁরা বিদায় নিয়েছেন আরেক ‘সোনালি প্রজন্মে’র বাহক স্পেনের কাছে হেরে!স্পেনের কাছে হারের আগ পর্যন্ত বিশ্বকাপে যা করেছে পর্তুগাল, তা নিয়েই সমর্থকদের গর্ব করতে বলছেন পর্তুগালের কোচ কুইরোজ। স্পেনের কৃতিত্ব মেনে নিয়ে বলেছেন, ‘স্পেন যোগ্যতা দিয়েই জিতেছে। কিন্তু আমি মনে করিয়ে দিতে চাই, পর্তুগাল দারুণ দৃঢ়তা ও উচ্চাকাঙ্ক্ষা নিয়ে ফুটবল খেলেছে। আমি বিশ্বাস করি, দল যেভাবে খেলেছে, তাতে সমর্থকেরা গর্ব করার যথেষ্ট কারণ খুঁজে পাবে।’কুইরোজকে স্পেনের বিপক্ষে হারের কারণও ব্যাখ্যা করতে হচ্ছে। নিজেদের হারের জন্য স্পেনকে যেমন কৃতিত্ব দিচ্ছেন, তেমনই পর্তুগিজ কোচ বড় দায় দিচ্ছেন ভাগ্যকে, ‘স্পেনের বিপক্ষে ম্যাচটা এমনিতেই কঠিন ছিল। তার ওপর ওরা অসাধারণ বল নিয়ন্ত্রণ করেছে, বল বেশি দখলে রেখেছে। ফলে ওরা খেলাও নিয়ন্ত্রণ করতে পেরেছে। আমরা কিছু সুযোগ পেলেও দুর্ভাগ্যজনকভাবে সেগুলো কাজে লাগাতে পারিনি। উল্টো স্পেনই ম্যাচটা ১-০ করে ফেলেছে। আমরা হয়তো একটা সময়ে গোল করলেও করে ফেলতে পারতাম। কিন্তু স্পেনের জয়টাই আসলে যুক্তিযুক্ত।’স্পেনকে কৃতিত্ব দিচ্ছেন স্ট্রাইকার হুগো আলমেইদাও। তিনিও বলেছেন, মাথা উঁচু করে বাড়ি ফেরার মতো পারফরম্যান্সই করেছে পর্তুগাল, ‘সেরা দলটাই জিতেছে। স্পেন ভালো শুরু করেছে, ভালো খেলেছেও। তবে আমরাও ভালো লড়াই করেছি। দুর্ভাগ্যজনকভাবে ওরা আরও ভালো খেলল। আমরা সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারিনি। পর্তুগাল হেরেছে মানে আমরা প্রত্যেকে হেরেছি। তারপরও এখন আমরা মাথা উঁচু করে দেশে ফিরতে পারি।’দলকে মাথা উঁচু রাখতে আহ্বান জানিয়েছেন কুইরোজও। তিনি বলেছেন, দল যথেষ্ট সম্মান পাওয়ার মতোই খেলেছে, ‘আমরা যখন এই পর্যায়ে লড়তে এসেছি, ভালো খেলতেই তো এসেছি। আমরা দ্বিতীয় বা তৃতীয় হলেও ফলটা তৃপ্তিদায়ক হতো না। কারণ, আমাদের মূল লক্ষ্য ছিল জয়। আমরা চেয়েছিলাম পর্তুগিজ ফুটবলের সম্মান বাড়ানোর জন্য দারুণ কিছু পারফরম্যান্স করতে। আমি চেয়েছিলাম ছেলেরা যেন মাথা উঁচু করে মাঠ ছাড়তে পারে। আমি মনে করি, আমরা সেটা সাফল্যের সঙ্গে পেরেছি।’আপাতত কুইরোজের কথা সত্যি মনে হতে পারে। কিন্তু পর্তুগালের ইতিহাস দিয়েই বলা যাক, কথাটা খুব সত্যি নয়। এর আগে মাত্র চারবার বিশ্বকাপ খেলতে এসে যাদের দুবার সেমিফাইনাল খেলার ইতিহাস আছে, তারা কেন দ্বিতীয় পর্বে উঠেই সন্তুষ্ট হবে! এএফপি, ওয়েবসাইট।