দুঃখ ও আনন্দের মাঝে মাহফিজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদটা শুনে মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল তাঁর। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে এসএ গেমসের প্রস্তুতি ক্যাম্প বন্ধ রাখতে হবে। এই এসএ গেমসের ক্যাম্পেই অনুশীলন করছেন লন্ডন অলিম্পিকে অংশ নিতে যাওয়া সাঁতারু মাহফিজার রহমান (সাগর)।বাংলাদেশ অলিম্পিক দলের অন্য সদস্যরা যখন বিদেশে অনুশীলনে ব্যস্ত, তখন সাঁতারু মাহফিজার এবং অ্যাথলেট মোহন খানকে দেশেই কোনো রকম প্রস্তুতি নিতে হচ্ছে। এমন সময়ই মাহফিজার শুনলেন এই অপ্রত্যাশিত খবরটা, ‘শুনলাম, রমজানের জন্য ক্যাম্প বন্ধ থাকবে। দলের সবার সঙ্গে অনুশীলন করলে আমার উপকারই হতো।’ ভারতের কোচ রাজীব দে এর আগে এক সপ্তাহের জন্য নামকা ওয়াস্তে ট্রেনিং করিয়েছেন মাহফিজারকে। তিনি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সেখানে অবস্থানরত ভারতীয় সাঁতারুদের কোচিং করাতে। কিন্তু সেখান থেকে সম্প্রতি ভারতে ফিরলেও জানা গেছে বাংলাদেশে আর আসছেন না রাজীব দে। সম্প্রতি তাঁর চোখে অস্ত্রোপচার করা হয়েছে। তাই ফেডারেশনকে এই ভারতীয় কোচ তাঁর অপারগতার কথা জানিয়ে দিয়েছেন। এই অবস্থায় ভালোই বিপদে পড়েছেন মাহফিজার। তবে তাঁর এই বিপদে ত্রাতা হিসেবে এগিয়ে এসেছেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা। কাল তিনি জানালেন, ‘সাগরের কোচিংয়ের দায়িত্ব আমার। আমি নিজ উদ্যোগে আগামী ২২ তারিখ পর্যন্ত ওকে সুইমিং কমপ্লেক্সে অনুশীলন করাব।’ গোলাম মোস্তফা এসেছেন সাহায্যের হাত বাড়িয়ে, পাশাপাশি আরেকটা সুসংবাদ পেয়েছেন মাহফিজার। লন্ডন অলিম্পিকে বাংলাদেশের হয়ে পতাকা বহন করবেন তিনিই। প্রথমে শোনা গিয়েছিল শ্যুটার শারমিন আক্তার (রত্না) পতাকা বহন করবেন। কিন্তু কী এক অজ্ঞাত কারণে পরে বিওএ সিদ্ধান্ত বদল করেছে। পতাকাবাহক নির্বাচিত হওয়ার খবর পেয়ে আবেগাপ্লুত মাহফিজার, ‘আমার বাবা আজিজুর রহমান একজন মুক্তিযোদ্ধা। এই পতাকার জন্য তিনি যুদ্ধ করেছেন। আমি অলিম্পিকে দেশের পতাকা ধরব শুনে সবচেয়ে বেশি আনন্দিত তিনিই।’