ইংল্যান্ডের সঙ্গে ভারতের শ্বাসরুদ্ধকর টাই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শ্রীমহেন্দ্র সিং ধোনি একটা খুব চমৎকার কথা বলেছেন। ক্রিকেট সম্পর্কে এ রকম সুন্দর কথা আমি খুব বেশি শুনিনি। ধোনি বলেছেন, ‘ক্রিকেট হচ্ছে নিষ্ঠুর, কিন্তু ঈশ্বর দয়ালু।’ ব্যাখ্যা না করলেও বুঝতে পারি, টাই ম্যাচ থেকে ভারত যে শেষ পর্যন্ত অন্তত একটি পয়েন্ট লাভ করতে পারল, তা হচ্ছে ঈশ্বরের দয়ার প্রমাণ। ঈশ্বর ভারতের প্রতি দয়ালু ছিলেন। কিন্তু ৩৩৮ রান করেও ইংল্যান্ডের কাছে একটি পয়েন্ট হারানোর ঘটনাকে তিনি ক্রিকেটের নিষ্ঠুরতার প্রমাণ বলে ভেবেছেন। ক্রিকেট সম্পর্কে ধোনির এই দার্শনিক-ভাষ্য থেকে আমি ৪ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমাদের অভাবিত পরাজয়ের দুঃখ ভোলার একটা অবলম্বন খুঁজে পেলাম।মনে হলো, বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ধোনির মতোই বলতে পারতেন, ৪ মার্চ কোনো এক ব্যাখ্যাতীত কারণে ক্রিকেট ও ঈশ্বর—আমাদের প্রতি উভয়েই নিষ্ঠুর আচরণ করেছিলেন। অন্য কেউ করবেন কি না, জানি না; আমি তা বিশ্বাস করি। তা না হলে ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণের বিরুদ্ধে বাংলাদেশের ব্যাটিং লাইন এভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়বে কেন? ক্রিকেট বোর্ডের সঙ্গে চলমান বিরোধ মিটিয়ে বিশ্বকাপ স্কোয়াডে ও. ইন্ডিজের ব্যাটিং লাইনে ক্রিস গেইল, রামনরেশ সারওয়ান ও চন্দরপল যোগ দিলেও ও. ইন্ডিজের বোলিং লাইনটা তো সেই একই ছিল। কিছুদিন আগেও যাদের বিরুদ্ধে বাংলাদেশের ছেলেরা ভালো রান করে উপর্যুপরি ম্যাচ জিতেছে। একদিনের ম্যাচে সবগুলো টেস্ট-খেলুড়ে দেশকে পরাজিত করেছে তো ওরাই। শাকিব অবশ্য যথার্থই বলেছে, ‘টস জেতা ছাড়া কিছুই আমাদের পক্ষে যায়নি।’ এই তো সেদিন অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়েছে। আমাদের ভাগ্য প্রসন্ন হলে সেদিন মিরপুরেও বৃষ্টি হতে পারত। কিন্তু হয়নি। বৃষ্টির কারণে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা বৃষ্টি-আইনের ফাঁদে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছিল। সুতরাং ভাগ্য বলে একটা কথা কিন্তু আছে—ক্রিকেটে।প্রত্যাশার স্নায়ুচাপ যদি এই বিপর্যয়ের কারণ হয়ে থাকে, তবে তার দায় শুধু আমাদের ক্রিকেটাররাই একা বইবে কেন? আমরা যারা দর্শক হিসেবে মাঠে গিয়েছিলাম—আমি কিন্তু তাদের আচরণেও খুব সন্তুষ্ট হতে পারিনি। এই ৬৬ বছর বয়সে আমি আর কত চিৎকার করতে পারি? শ্রীলঙ্কায় দলকে উজ্জীবিত করতে বিরাটাকারের কর্নেট বাঁশি ও বিরাটাকৃতির ড্রাম বাজিয়ে মাঠ মাতাতে দেখেছি। আমাদের মাঠের ভেতরে সে রকম দর্শক-সমর্থন আমাদের ছেলেরা পায়নি। আইসিসি মাঠের মাইক্রোফোন যেভাবে নিয়ন্ত্রণ করেছে, তাতে কখনো মনে হয়নি যে এটা আমাদের মাঠ। মাঠের মাইকে আমাদের মুক্তিযুদ্ধের উদ্দীপক গানগুলি আমি একটিও শুনিনি। যে গানগুলি মাঝে মাঝে শুনেছি, সেগুলো মোটেও উদ্দীপক গান নয়। উপর্যুপরি ব্যাটসম্যানদের আউট হতে দেখে আমাদের হতাশ দর্শকেরা আমাদের ছেলেদের দুয়ো দিয়েছেন। এটা কী করে হয়? শেষ বলটি না হওয়া পর্যন্ত স্বদলের প্রতি সমর্থন সংহত রাখাটাই তো কাম্য। সেখানে আমাদের কিছু ঘাটতি রয়েছে। শাহরিয়ার নাফীস ও মাহমুদউল্লাহ রিয়াদকে চট্টগ্রামে খেলাতে পারলে ভালো হতে পারে বলে মনে হচ্ছে। আর মাশরাফি যদি সুস্থ হয়ে উঠে থাকে, তবে তো আমি মনে করি, মাশরাফিকেও খেলানো যেতে পারে। আসুন, ৪ মার্চের দগ্ধ স্মৃতি ভুলে গিয়ে, নব উদ্যমে, নবস্বপ্নে বুক বেঁধে আমরা আবার মাঠে যাই; আমাদের ছেলেদের পাশে দাঁড়াই। ধন্যবাদ।কাশবন৭ মার্চ, ২০১১