দুঃখ ঘুচবে রোবেন-রিবেরির?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোবেন ও রিবেরি
রোবেন ও রিবেরি

আজ থেকে কুড়ি-পঁচিশ বছর পর আরিয়েন রোবেন নিশ্চয়ই চাইবেন না তাঁকে এভাবে স্মরণ করা হোক। যিনি কিনা তাঁর প্রজন্মের অন্যতম সেরা খেলোয়াড় কিন্তু জেতেননি বড় কিছুই! আজ থেকে কুড়ি-পঁচিশ বছর পর ফ্রাঙ্ক রিবেরিও নিশ্চয়ই এভাবে স্মরণীয় হতে চাইবেন না—তাঁর প্রজন্মের অন্যতম সেরা খেলোয়াড় কিন্তু জেতেননি বড় কিছুই!

দুজনের মধ্যে অনেক মিল। দুজনই উইঙ্গার। দুজনেরই নামের আদ্যক্ষর ‘আর’। তবে সবচেয়ে বড় মিল সম্ভবত এখানে—রোবেন আর রিবেরি খেলোয়াড়ি জীবনে এখন পর্যন্ত বড় কোনো ট্রফি জেতেননি। প্রতিটি খেলোয়াড়ের আজন্ম আরাধ্য যে বিশ্বকাপ, সেটি ছুঁতে ছুঁতেও দুজনেরই পাওয়া হয়নি। রিবেরি ২০০৬ আর রোবেন ২০১০ বিশ্বকাপ রানার্সআপ দলের সেই দুর্ভাগা সদস্য। দুজনের নামের অদ্যক্ষর ‘আর’, ইংরেজি ইডবলআর ‘আর’ মানেও কিন্তু ভুল করা। রোবেন-রিবেরি চোয়ালবাঁধা প্রতিজ্ঞা করেছেন, এবার আর ভুল তাঁরা করবেন না!

চারটি ভিন্ন ভিন্ন দেশের হয়ে লিগ জেতার কৃতিত্ব নামের পাশে রেখেও রোবেনের হয়তো কখনো-সখনো মাঝরাতে বুকের মধ্যে নিথুয়া পাথারের হাহাকার ওঠে। গত চার বছরে একটি বিশ্বকাপ দুটো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেছেন। প্রতিবারই নিজেকে আবিষ্কার করেছেন হেরে যাওয়া দলে কান্নায় ভেঙে পড়া সতীর্থদের মাঝখানে। ২০১০ বিশ্বকাপের ফাইনালে অসাধারণ এক সুযোগ পেয়েছিলেন ডাচ ফুটবলের কিংবদন্তিগাথায় নিজের নামটি খোদাই করার। কিন্তু তাঁর সাবেক রিয়াল-সতীর্থ ইকার ক্যাসিয়াস দুর্দান্তভাবে সেভ করে বাঁচিয়ে দেন প্রায় নিশ্চিত গোলটি। গত বছর চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পেয়েছিলেন আরও বড় সুযোগ, কিন্তু তাঁর পেনাল্টিটি ঠেকিয়ে দেন পিওতর চেক।

এই ইতিহাস রোবেন ভালো করেই জানেন বলে বলছেন, এবার আর না-পাওয়ার বেদনায় পুড়তে তিনি রাজি নন, ‘ফাইনালে খেলাটাও দারুণ কিছু। কিন্তু এবার শুধু খেলা নয়, আমাদের অন্তত একটা ফাইনাল জিততেই হবে। গত বছরটা ছিল ভয়ানক হতাশার।’

সেদিক দিয়ে রিবেকের কষ্টটা বোধ হয় খানিকটা কম। ২০১০-এর ফাইনালটি খেলা হয়নি নিষেধাজ্ঞার কারণে। রিবেরিও বলছেন, গতবারের পরাজয়ের ঘা এখনো শুকায়নি। সেবার ফাইনালটি যে তাঁরা হেরেছিলেন একেবারে নিজেদের উঠানে, আলিয়াঞ্জ অ্যারেনায়, ‘ইন্টারের কাছে হেরে যাওয়াটা ছিল কষ্টের, আমি ব্যথিতও ছিলাম খেলতে না পারায়। কিন্তু চেলসিই কাছে হেরে যাওয়াটা ছিল সত্যিই ভীষণ কষ্টের। সবার জন্যই এটা ঠিক অনেক বড় একটা আঘাত।’

এবার আর ভুল হবে না বলছেন এই ফরাসিও, ‘এটা আমাদের তৃতীয় সুযোগ। আমরা আগের চেয়ে অভিজ্ঞ, ফাইনালে খেলাটা যে কী সেটা ভালো করেই জানি। সবাই জানে তাদের কী করতে হবে, কীভাবে খেলতে হবে ডর্টমুন্ডের বিপক্ষে।’ ‘কীভাবে খেলতে হবে’র ‘সহজ’ সমাধানও বাতলে দিয়েছেন, ‘বার্সেলোনার বিপক্ষে যেভাবে খেলেছি, সেভাবে খেললে আমাদের অনেক সম্ভাবনা আছে।’

কিন্তু বার্সেলোনার বিপক্ষে বায়ার্ন যেমন খেলেছে, এমন ম্যাচ তো আর হররোজ হয় না। তা ছাড়া ডর্টমুন্ডের রক্ষণও বার্সার বেহুলার বাসর নয়। রিবেরি সেটা জানেন বলেই বলছেন, ‘আমার ধারণা সবাই মনে করছে বায়ার্ন জিতবে। এর মানে হলো চাপটা আমাদের ওপর। কিন্তু ডর্টমুন্ডও চ্যাম্পিয়নস লিগে অসাধারণ খেলেছে, তাদের অসাধারণ কিছু খেলোয়াড়ও আছে।’ এএফপি।