দুঃখ নিয়েই ফিরলেন জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
জিয়াউর রহমান
জিয়াউর রহমান
রেটিং বাড়াতে না পারলে বারবার শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গেই খেলতে হবে। এবারও একই অভিজ্ঞতা নিয়ে ফিরলাম

সাহস, উদ্যম—সবই আছে তাঁর। কিন্তু একটা জায়গায় পৌঁছে আটকে যাচ্ছেন। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সামনে পাহাড় হয়ে দাঁড়িয়ে যাওয়া সেই গেরোর নাম রেটিং।
বিশ্বকাপ থেকে ফিরে কাল বারবারই নিজের কম রেটিং নিয়ে আক্ষেপ করছিলেন বাংলাদেশের এই গ্র্যান্ডমাস্টার। বেশি ম্যাচ খেলতে পারছেন না বলে রেটিংয়ের গতিও ঊর্ধ্বমুখী নয়। কিন্তু বিশ্বমঞ্চে ভালো করতে রেটিংকেই মানছেন সবচেয়ে বড় বাধা, ‘রেটিং বাড়াতে না পারলে বারবার শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গেই খেলতে হবে। এবারও একই অভিজ্ঞতা নিয়ে ফিরলাম। রেটিং আরেকটু বেশি হলে হয়তো প্রথম রাউন্ডে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়ে দ্বিতীয় রাউন্ডে যেতে পারতাম।’
এই দ্বিতীয় রাউন্ডে যেতে না পারার আক্ষেপটা তাঁর থেকেই গেল। এর আগে খেলা তিনটি বিশ্বকাপেও প্রথম রাউন্ডে বিদায় নিতে হয়েছিল শক্তিশালী প্রতিপক্ষের কাছে হেরে। আজারবাইজানে এবারের বিশ্বকাপে সামনে পেলেন ২৭৫৮ রেটিংধারী টুর্নামেন্টে ১২তম বাছাই রুশ চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার ইভগেনি টমাশেভস্কিকে। যাঁর সঙ্গে পেরে ওঠা জিয়ার জন্য ছিল কঠিনই।
কিন্তু কঠিন দেয়ালের সামনে সহজে ভেঙে পড়েননি জিয়া। ২৫০০ রেটিংধারী জিয়া প্রথম রাউন্ডের দুটি ম্যাচে দুর্দান্ত খেলে রুখে দিয়েছিলেন টমাশেভস্কিকে। তাঁর এই পারফরম্যান্সে টমাশেভস্কিও নাকি বিস্মিত। জিয়াই তা জানালেন, ‘ও ভেবেছিল, প্রথম রাউন্ডের দুটি ম্যাচেই সহজে জিতে যাবে। পরে ম্যাচ শেষে বলল, ওয়েল ডান। তুমি খুব ভালো করেছ।’
কিন্তু শেষটা তো সেই হতাশায় মোড়াই। ১-১ পয়েন্ট নিয়ে টাইব্রেকারে গিয়ে গত রোববার ২৫ মিনিটের দুটি ম্যাচেই হেরেছেন সরাসরি। র্যা পিড দাবার যে সেভাবে চর্চাই নেই তাঁর। নিজেই জানাচ্ছেন, ‘র্যা পিডে আমার অভিজ্ঞতা খুবই কম, টমাশেভস্কি খুব পারদর্শী র্যা পিডে। লড়াইটা তাই আর সেভাবে করতে পারলাম না। ’
এ নিয়ে জিয়ার মনে দুঃখ জমে আছে অনেক। এত কাছে গিয়েও না পারার হতাশা পোড়াচ্ছে তাঁকে। দীর্ঘশ্বাস ফেলে বললেন, ‘দুঃখটা কিন্তু রয়েই গেল। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্ন কার না থাকে বলুন!’
স্পনসর-সংকট, নানা বাধা পেরিয়ে এমন মঞ্চে যেতে পারাই তো একটা জয়! সেখানে এমন লড়াই, একটা করতালি পেতেই পারেন জিয়া। আজারবাইজানে গিয়েছেন পুরোপুরি একা। সামান্য একটু পরামর্শ দেওয়ারও কেউ নেই। অলিম্পিয়াডের আগে দাবা ফেডারেশন বিদেশি কোচ আনে, কিন্তু বিশ্বকাপের জন্য কোচ নেই। জিয়া এই ধারার বদল চান, ‘বিশ্বকাপের আগে একজন কোচ পেলে ভালো হতো। কোচবিহীন অবস্থায় গিয়ে বেশ একাই লেগেছে নিজেকে। বিশ্বকাপের মতো আসরে যাওয়ার আগে কোচ আনা খুবই দরকার।’
দেশে র্যা পিড দাবার চর্চা বাড়ানোর ওপরও জোর দিচ্ছেন। তবে আদৌ কিছু হবে কি না জানেন না। তাই বলে নিরাশায় ডুবে থাকতে রাজি নন। তাকাতে চান সামনে, ‘এবারও হলো না। খারাপ হয়তো লাগছে, তবে আগামীবার হবে, সেই আশাতেই আছি।’
২০০৭ বিশ্বকাপে অংশ নিয়েই দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। বিশ্বকাপে ওটাই সেরা সাফল্য বাংলাদেশের কোনো দাবাড়ুর। চারবারেও ওই সিঁড়িতে পা রাখতে না পারা জিয়ার চূড়ান্ত উপলব্ধি, ‘রেটিং বাড়ানোর সঙ্গে আরও অনেক প্রস্তুতি নিয়েই আমাদের বিশ্বকাপে যাওয়া উচিত।’