দুঃখ পেয়েছেন ওয়ার্ন
আইপিএল থেকে রাজস্থান রয়্যালস ও কিংস ইলেভেন পাঞ্জাবকে নিষিদ্ধ করা একেবারেই মেনে নিতে পারছেন না অস্ট্রেলীয় স্পিন জাদুকর শেন ওয়ার্ন। রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব করা এই কিংবদন্তি বলেছেন, তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তে দুঃখ পেয়েছেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেছেন, বাস্তবতার বিচারেই ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের এই সিদ্ধান্ত থেকে সরে আসবে।ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) গতকাল রোববার এক সিদ্ধান্তে আগামী আইপিএল থেকে রাজস্থান ও পাঞ্জাবের এই দুটি ফ্র্যাঞ্চাইজকে বেশ কিছু আর্থিক অনিয়মের কারণে নিষিদ্ধ ঘোষণা করে। কারণ হিসেবে বিসিসিআই জানিয়েছে, এই দুটি ফ্র্যাঞ্চাইজের বিরুদ্ধে আদালতে মামলা চলার কারণে তাদের আইপিএল থেকে সরিয়ে রাখা হচ্ছে।টুইটারে নিজের ব্লগপোস্টে ওয়ার্ন লিখেছেন, তিনি এখনো পুরোপুরি জানেন না, কেন রাজস্থান রয়্যালস ও কিংস ইলেভেন পাঞ্জাবকে আইপিএল থেকে বাদ দেওয়া হলো। তিনি তাঁর মন্তব্যে আশা প্রকাশ করেন, বিসিসিআইয়ের এ ব্যাপারে শুভবুদ্ধির উদয় হবে এবং তাঁরা এ দুটি ফ্র্যাঞ্চাইজের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে।তিনি আরও বলেন, ‘রাজস্থান রয়্যালসে ভারতের কয়েকজন তরুণ ক্রিকেটার খেলেছেন। এঁরা আইপিএলে দারুণ পারফর্ম করেছেন। অথচ তাঁরা জানেন না কখনো তাঁরা ভারতের হয়ে টেস্ট কিংবা ওয়ানডে খেলার সুযোগ পাবেন কি-না।’ এর পরপরই তিনি হতাশা প্রকাশ করে বলেন, ‘এখন এই খেলোয়াড়দের কী হবে। ওঁরা নিশ্চয়ই আগামী আইপিএলের জন্য মুখিয়ে ছিলেন।’ শেন ওয়ার্ন আরও বলেন, যোগ্য পারফরম্যান্স দিয়েও রাজস্থান রয়্যালস আইপিএলের মর্যাদা বৃদ্ধি করেছিল।আইপিএলের এই দুটি ফ্র্যাঞ্চাইজে শন টেইট, গ্রায়েম স্মিথ, কামরান আকমল, ইউনুস খান, ব্রেট লি, মাহেলা জয়বর্ধনে ও কুমার সাঙ্গাকারার মতো বিশ্ব ক্রিকেটের অনেক তারকা ক্রিকেটার খেলতেন। এনজেড হেরাল্ড।