দুঃখ পেয়েছেন কানেরিয়া
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে পাকিস্তান দলে জায়গা পাননি লেগ স্পিনার দানিশ কানেরিয়া। এ নিয়ে তাঁর ক্ষোভের অন্ত নেই। জানিয়েছেন, তিনি পাকিস্তানের হয়ে গত ১০ বছর নিজেকে উজাড় করে দেওয়ার পুরস্কারটা খুব ভালো মতোই পেয়ে গেছেন।দানিশ কানেরিয়া খুব পরিষ্কার কোনো চরিত্র নন। স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে তাঁর ওপরও রয়েছে আইসিসির দুর্নীতি দমন কমিটির শ্যেন দৃষ্টি। তার ওপর ইংলিশ কাউন্টিতে খেলতে গিয়ে তিনি ডারহাম ও এসেক্সের মধ্যকার একটি ম্যাচে স্পট ফিক্সিং করেছেন-এই অভিযোগ ছিল ব্রিটিশ পুলিশের। তবে তদন্তে তাঁর বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় তাঁকে একপ্রকার বেকসুরই ঘোষণা করেছে ব্রিটিশ পুলিশ।কানেরিয়া এ সূত্র ধরেই দাবি করছেন, ওয়েস্ট ইন্ডিজ সফরে তাঁর জায়গা পাওয়া উচিত ছিল। তিনি বলেছেন, ‘আমি জানি না কেন আমাকে দলে নেওয়া হল না, ইংল্যান্ডে স্পট ফিক্সিং অভিযোগ থেকে আমাকে মুক্তিই দিয়েছে ব্রিটিশ পুলিশ।’কানেরিয়া বলেন, ‘তারা যে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ দাখিল করতে পারেনি, সেই সংক্রান্ত কাগজপত্র আমি বোর্ডকে দিতে চেয়েছি। কিন্তু তারা আমার ফোনও ধরেনি, পরে আমার সঙ্গে যোগাযোগও করেনি।’ তিনি দুঃখ করে বলেন, ‘দেশের হয়ে ১০ বছর খেলেছি। আমার রেকর্ড বলছে আমি কী ধরনের খেলোয়াড়। পাকিস্তানের অনেক বিজয়ে আমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। আর তারা আমারা সঙ্গে এখন এ রকম আচরণ করছে।’দানিশ কানেরিয়ার ক্রিকেটীয় রেকর্ড কিন্তু পাকিস্তানি স্পিনারদের মধ্যে সেরা। তিনি মাত্র ৬১টি টেস্ট খেললেও দেশের হয়ে তিনি নিয়েছেন ২৬১টি উইকেট। এমনকি স্পিন জাদুকর আবদুল কাদিরও কিছু কিছু ক্ষেত্রে তাঁর চেয়ে পিছিয়ে আছেন।এদিকে পাকিস্তানের সাবেক দুই নির্বাচকও ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে কানেরিয়াকে দলে না নেওয়ার জন্য সমালোচকদের দুষেছেন। সাবেক স্পিনার ইকবাল কাশিম বলেছেন, পাকিস্তানি নির্বাচকেরা দল নির্বাচনে একেবারেই নিয়মানুবর্তী নন। তাঁরা একেক সময় একেকভাবে দল নির্বাচন করেন। মাঝেমধ্যে কোনো কোনো খেলোয়াড়কে দলে নেন, আবার ছুড়ে ফেলে দেন। কখনো এমন সব খেলোয়াড়কে দল থেকে বাদ দিয়ে দেন, যাঁরা দলের জন্য প্রয়োজনীয়। কানেরিয়াকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলে জায়গা না দেওয়াটা খুবই অনুচিত হয়েছে। ওয়েবসাইট।