দুঃখ পেয়েছেন ব্লাঁ
শাস্তি-টাস্তিতে কিছু যায়-আসে না নিকোলাস আনেলকার। ফ্রান্সের স্ট্রাইকার বলেছেন এমন কথা। তবে আনেলকার কিছু এসে যাক আর না যাক, বিষয়টি ভাবাচ্ছে ফ্রান্সের নতুন কোচ লরাঁ ব্লাঁকে। আনেলকা-এভরাদের শাস্তি দুঃখ দিয়েছে তাঁকে। ব্লাঁর এই দুঃখ আসলে নিজের জন্যই। এমনিতেই ফ্রান্স দলকে নিয়ে অনেক কাঁটায় ভরা রাস্তায় নেমেছেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের সদস্য। বিশ্বকাপের কেলেঙ্কারি, তারপর বিশ্বকাপের ২৩ জনকে বাদ দিয়ে প্রীতি ম্যাচের দল গড়া—সবকিছু নিয়ে ব্লাঁকে শুরুতেই দিতে হচ্ছে পরীক্ষা। তবে ধীরে ধীরে সুস্থিতি চান ফ্রান্সের কোচ। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের লড়াই যে তাঁর সামনেই।সুস্থিতি ফিরে পেতে দেশের শীর্ষ খেলোয়াড়দের দরকার ব্লাঁর। কিন্তু শাস্তির জন্য খেলতে পারবেন না তাঁদের চারজন। ফ্রান্স ফুটবল ফেডারেশন আনেলকাকে ১৮ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। বিশ্বকাপের অধিনায়ক প্যাট্রিস এভরার শাস্তিটা তুলনামূলক কম, মাত্র ৫ ম্যাচের নিষেধাজ্ঞা। তবে সবচেয়ে কম জেরেমি তুলানানের—মাত্র এক ম্যাচের নিষেধাজ্ঞা।পরিস্থিতি খুব একটা ভালো লাগছে না নতুন কোচ ব্লাঁর, ‘ফ্রান্সের ফুটবলের জন্য আদর্শ পরিস্থিতি এটা নয়। আমাদের তো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য শীর্ষ খেলোয়াড়দের সবাইকেই দরকার।’ সেটা আপাতত হয়ে উঠছে না। তবে আগস্টের আগে সবকিছু ঠিক হয়ে যাবে বলে আশা ফ্রান্সের একমাত্র বিশ্বকাপজয়ী খেলোয়াড়ের, ‘আশা করি, আগস্টের মধ্যে সব ঝামেলা শেষ করে নতুন করে শুরু করতে পারব আমরা।’ এএফপি।