দুঃখ বাড়ালেন আল আমিন
আল আমিনকে বারবার একটা কথা বলছিলেন সাফ সোনাজয়ী স্প্রিন্টার মাহবুব আলম, ‘তুই শুধু একটা ভালো লাফ দে। ৭.৫ মিটার লাফালেই গোল্ড নিশ্চিত।’সম্প্রতি বনি আমিনের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে জাতীয় মিটে লাফিয়েছেন ৭.৬১ মিটার। কাল লাফালেন ৭.১৯ মিটার। আল আমিনের দুঃখটা বেড়ে যাচ্ছে এই ভেবে যে, সোনাজয়ী ভারতের মোহাম্মদ ইবরার লাফিয়েছেন ৭.৪৪ মিটার। আহা, আল আমিন যদি নিজের সেরাটার কাছাকাছি যেতে পারতেন! তাহলে অ্যাথলেটিকসের প্রথম দিনেই একটা সোনা জিতে যায়!১৯৯৫ মাদ্রাজ সাফে ২০০ মিটারে সোনাজয়ী মাহবুব আলমের আক্ষেপটা তাই যাচ্ছিলই না, ‘ও যে কী করল, দারুণ চান্স ছিল এবার!’ কিন্তু আল আমিন কিছু করার দেখলেন না। কুয়ালালামপুরে উচ্চতর প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন, মাস দেড়েক আগে ফিরেছিলেন ইনজুরি সঙ্গী করে। দক্ষিণ এশীয় গেমসে খেলতে পারলেও জ্বরে ভুগছেন চার দিন ধরে! এ অবস্থায় ব্রোঞ্জ জিততে পারাই বড় সান্ত্বনা।অ্যাথলেটিকসে বাংলাদেশের ব্রোঞ্জ জেতাও এখন ঘটনা। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে হয়ে যাওয়া ৬টি ইভেন্টে ২টি ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশীয় স্তরে বাংলাদেশের পক্ষে পদক জেতা খুব কঠিন। ভারত-শ্রীলঙ্কা এখানে পরাশক্তি। ভারত ৩-৩-১, শ্রীলঙ্কা ২-৩-১, পাকিস্তান ১-১-১।মেয়েদের ২০০ মিটার স্প্রিন্টটা অবশ্য ছিল দুই শ্রীলঙ্কানের। চন্দ্রিকা সুবাক্ষিণী প্রথম (২৪.৪৯ সে.) পারমিলা প্রিয়দর্শিনী দ্বিতীয়। সুশান্তিকা জয়াসিংহে, দময়ন্তি দার্শাদের ছেড়ে যাওয়া মঞ্চে এই দুজনই শ্রীলঙ্কার ভবিষ্যত্ তারকা। সুশান্তিকারা বিশ্বমানের অ্যাথলেট ছিলেন, তাঁদের যোগ্য উত্তরসূরিই হয়েই আসছেন সুবাক্ষিণীরা। এশীয় গ্রাঁ প্রি, এশিয়ান গেমস, বিশ্বকাপ, কোথায় খেলেননি কুড়ি বছরের মধ্যেই। সুবাক্ষিণী বললেন, ‘আমার লক্ষ্য অলিম্পিক।’ বাংলাদেশের নাজমুন নাহার বিউটি-ইসরাত জাহান ইভারা দৌড়েছেন সুবাক্ষিণীদের সঙ্গে। ইসরাত চতুর্থ, নাজমুন নাহার দৃশ্যপটেই ছিলেন না। তবে এই মহাযজ্ঞে নিজের উপস্থিতি ভালোই জানান দিয়েছেন আজহারুল ইসলাম। ৫২.৪৩ মিটার ছুড়ে প্রথম হওয়া পাকিস্তানের বাসারাত আলীর চেয়ে প্রায় ৮ মিটার কম ছুড়েও (৪৪.৯৮) ডিসকাস থ্রোতে ব্রোঞ্জ জিতেছেন আজহারুল। এ জন্য বাহবাও পেলেন অনেক।ভারতের সেরা স্প্রিন্টার সত্যেন্দরও আসেননি ইনজুরির কারণে, কিন্তু তাঁর অভাব ঢেকে ২০০ মিটারে সোনা জিতেছেন হায়দরাবাদের তরুণ আবুল নাজিব কুরাইশি, টাইমিং ২১.১৬ সেকেন্ড। ভোপালে কিছুদিন আগে এশিয়ান অলস্টারে ১০০ মিটারে দ্বিতীয় হয়েছেন (১০.৫৫ সে.)। কাল ২০০ মিটারে শ্রীলঙ্কার সিহান সিরাওয়ানাকে হারিয়ে পেলেন প্রথম আন্তর্জাতিক সোনা। দক্ষিণ এশিয়ার দ্রুততম মানব হওয়াই তাঁর লক্ষ্য।৪০০ মিটার হার্ডলসে সোনাজয়ী ভারতের তৃতীয় সেরা তামিলনাড়ুর ২২ বছরের দীর্ঘদেহী তরুণ বালাইরাঙ্গন যখন ফিনিশিং লাইনে, বাংলাদেশের আসাদুর রহমান অনেক পেছনে। ১৫০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার চামিন্ডার চেয়ে (৪:১০.০১) ৭ সেকেন্ড পরে দৌড় শেষ করেছেন বাংলাদেশের চ্যাম্পিয়ন সেলিম মিয়া।বাংলাদেশের সব চ্যাম্পিয়নের অবস্থাই একই রকম হচ্ছে এবং হবে হয়তো। একটু আলাদা হয়ে যদি প্রতিযোগিতা-ভীতি ভুলে যদি জ্বলে উঠে পারেন সুমিতা রানী দাস, আজ ১০০ মিটার হার্ডলসে হয়তো সোনা পাবে বাংলাদেশ!