দুঃখ ভুলতে 'হ্যাপি' সংগীত শুনছে ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরাজয়ের শোক কাটাতে ‘হ্যাপি’ গানকে বেছে নিয়েছে ব্রাজিলিয়ানরা। ছবি: রয়টার্স
পরাজয়ের শোক কাটাতে ‘হ্যাপি’ গানকে বেছে নিয়েছে ব্রাজিলিয়ানরা। ছবি: রয়টার্স

দুঃখ ভুলতে কতজন কত কিছুই না করে। কিন্তু জার্মানির কাছে বিধ্বস্ত হওয়া ৭-১ গোলের দুঃখ কি এত সহজে ভোলা যায়! ব্রাজিলিয়ানরা অবশ্য সুখের প্রেরণা খুঁজে নিতে চাইছে সংগীত থেকে। সাত গোলের লজ্জা ভুলতে তারা আশ্রয় নিয়েছে ‘হ্যাপি’ সংগীতের। ব্রাজিলের ওই পরাজয়ের পর ব্রাজিলিয়ান চার্টে ফ্যারেল উইলিয়ামসের গাওয়া ‘হ্যাপি’ গানটি উঠে এসেছে ১১ ধাপ ওপরে। দেখা গেছে, সেদিনের ম্যাচ শেষে ওয়েবসাইটে এই গানটিই সবচেয়ে বেশি শুনছে ব্রাজিলীয়রা।

যুক্তরাষ্ট্রের র‌্যাপার ফ্যারেলের গাওয়া গানটির প্রতিটি লাইনে সুখে থাকার প্রেরণা জোগানো হয়েছে। বলা হয়েছে সুখে থাকার নানা উপায়ের কথা। ব্রাজিলের পরাজয়ের দুঃখ কাটাতেই সম্ভবত এই গান থেকে প্রেরণা খুঁজে নিতে হচ্ছে ব্রাজিলিয়ানদের। বিশেষজ্ঞরা বলছেন, এর আগে ব্রাজিলিয়ান মিউজিক চার্টে কোনো গান এত কম সময়ে এত ওপরে উঠে আসেনি। হ্যাপি গানই বোধ হয় মুষড়ে পড়া ব্রাজিলিয়ানদের ‘হ্যাপি’ থাকার দাওয়াই।

ব্রাজিলিয়ান মিউজিক চার্ট আরও একটি মজার তথ্য দিচ্ছে। সেমিফাইনালের পর থেকেই ফুটবলসংক্রান্ত গানগুলো শোনা কমে গেছে ব্রাজিলে। টপচার্টের তিন নম্বরে থাকা ফুটবল নিয়ে গান ‘পাইস দো ফুতেবল’ ব্রাজিল-জার্মানি ম্যাচের পর সোজা নেমে গেছে ১৬ নম্বরে। ফুটবল মানেই এখন ব্রাজিলিয়ানদের জন্য বিষাদমাখা এক স্মৃতি!