দুঃখ ভুলল ইউনাইটেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেদনাটা চেপে রাখতে হয়েছে এক বছর। স্যার অ্যালেক্স ফার্গুসনের দুঃস্বপ্নে প্রতিনিয়ত তাড়া করেছে সেই স্মৃতি। শেষ দিনের নাটকীয়তায় শিরোপা হাত গলে বেরিয়ে যাওয়ার ক্ষত তো চট করেই শুকোয় না। মৌসুমের শুরু থেকেই তাই লাল জার্সিতে বিচ্ছুরিত হচ্ছিল শিরোপা পুনরুদ্ধারের বজ্রকঠিন প্রতিজ্ঞার ঝলক। চার ম্যাচ বাকি থাকতেই শিরোপা জিতে ম্যানচেস্টার ইউনাইটেড যেন কবর দিল সেই দুঃস্বপ্ন। মঞ্চটা সাজানোই ছিল। ৭৫ হাজার সমর্থকের গগণবিদারী কোরাসে মুখর হয়ে উঠেছিল ওল্ড ট্রাফোর্ড। আগের দিন প্রতিদ্বন্দ্বী সিটি হেরে বসেছিল টটেনহামের কাছে। নিজেদের মাঠে জিতলেই চ্যাম্পিয়ন ইউনাইটেড। প্রতিপক্ষ যখন অবনমনের ঝুঁকিতে থাকা অ্যাস্টন ভিলা, তখন শঙ্কাও ছিল না খুব বেশি। শুরু থেকেই তাই লাল বাহিনী ঝাঁপিয়ে পড়ল প্রতিপক্ষকে ছিঁড়েখুঁড়ে ফেলতে। ৩৩ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক পূর্ণ করে রবিন ফন পার্সি নিশ্চিত করলেন, আর যাই হোক, পচা শামুকে পা কাটা যাচ্ছে না। শেষ পর্যন্ত সেই ৩-০ গোলেই জিতল ইউনাইটেড। গত বছর গোল ব্যবধানে শিরোপা হাতছাড়া হয়ে যাওয়ার পরই ফার্গুসন ঠিক করে রেখেছিলেন, এবার তেমন কিছু ঘটতে দেওয়া যাবে না। ‘মৌসুমের শুরুতেই আমি বলেছিলাম আমাদের নিশ্চিত করতে হবে যাতে গোল ব্যবধানে অন্তত না হারি’—সে কথাই মনে করিয়ে দিলেন কোচ। সে জন্য মৌসুমের শুরুতেই আর্সেনাল থেকে উড়িয়ে এনেছিলেন ফন পার্সিকে। শিরোপাবুভুক্ষু ফন পার্সিও নতুন ক্লাবে এসে শুরু থেকেই ছড়াতে শুরু করলেন আলো। গত ম্যাচে হ্যাটট্রিকের পর প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতাও (২৪) এখন এই ডাচ স্ট্রাইকার। যে উদ্দেশ্যে তাঁকে এনেছিলেন ফার্গি, ষোলআনা সফল। গোলসংখ্যায়ও এবার চিরপ্রতিদ্বন্দ্বী সিটির (৫৯) চেয়ে যোজন ব্যবধানে এগিয়ে ইউনাইটেড (৭৮)। শিরোপা তো এসেই গেছে, হাতছানি দিচ্ছে এক মৌসুমে মরিনহোর সময়কার চেলসির ৯৫ পয়েন্ট ছাড়িয়ে যাওয়ার মাইলফলকও। সে জন্য জিততে হবে বাকি ১২ পয়েন্টের সবগুলো। সেসব নিয়ে ফার্গি আপাতত ভাবছেন না। তবে ফন পার্সির প্রশংসায় হয়ে গেলেন অকৃপণ। দুর্দান্ত ভলিতে করা এই স্ট্রাইকারের দ্বিতীয় গোলকে তো বলছেন ‘গোল অব দ্য সেঞ্চুরি’। ফন পার্সিও ওল্ড ট্রাফোর্ডে আসার জন্য নিজেকে বাহবা দিতেই পারেন। এ তো ‘এলাম, দেখলাম, আর জয় করলামই’! এএফপি, রয়টার্স।