দুঃখ ভোলার অভিপ্রায় রোবেনের
এবারের মৌসুমের ক্লাব ফুটবলের আসরটা হতাশা দিয়েই শেষ হয়েছে আরিয়েন রোবেনের। বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেস লিগার শিরোপার নাগালটা পাননি। চ্যাম্পিয়নস লিগের ফাইনাল পর্যন্ত গিয়েও চেলসির কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্ন অপূর্ণই থেকেছে। তবে বড় এ দুই হতাশা এবারের ইউরো চ্যাম্পিয়নশিপেই ভুলতে চান এই ডাচ স্ট্রাইকার। কাটাতে চান ১৯৮৮ সালের পর ইউরোয় হল্যান্ডের শিরোপা খরাও। চেলসির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করার সুবর্ণ সুযোগটি নষ্ট করেছিলেন রোবেন। সেই স্মৃতি যে এত সহজে ভোলা যাবে না, সেটা স্বীকার করেছেন তিনি। তবে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ইউরো চ্যাম্পিয়নশিপে যদি হল্যান্ডকে কাঙ্ক্ষিত সাফল্যটা এনে দিতে পারেন, তাহলে হয়তো এবারের মৌসুমটা সুখস্মৃতি নিয়েই শেষ করতে পারবেন এই ডাচ উইঙ্গার। গোল ডটকমকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘বায়ার্ন মিউনিখের শেষটা ভালো হবে বলেই আমি মনে করেছিলাম। কিন্তু ঘটনা সে রকম ঘটেনি। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হারের স্মৃতিটা আমার অনেক দিনই মাথায় থাকবে। কিন্তু আশা করছি, ইউরোয় হল্যান্ডের হয়ে আমি ভালো কিছু করতে পারব। বায়ার্নের হতাশাটা থেকে গেলেও ইউরো সাফল্য দিয়ে মৌসুমটা ভালোভাবে শেষ করতে চাই।’এর আগে অনেক কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত সাফল্যের দেখাটা পাননি আরিয়েন রোবেন। ২০১০ সালেও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানের কাছে হেরে শিরোপা জয়ের স্বাদ পাননি তিনি। একই বছর বিশ্বকাপের ফাইনালেও চলে গিয়েছিল তাঁর দল হল্যান্ড। কিন্তু সেখানেও তাঁকে হতাশ করেছে বিশ্বকাপজয়ী স্পেন। তবে এবার এ ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না বলেই আশা করছেন রোবেন। তিনি বলেছেন, ‘অনেকেই বলে যে আমি ফাইনালে গিয়ে সাফল্য পাই না। আর এটা আমি একদমই পছন্দ করি না। কিন্তু বিগত কয়েক বছর ধরে এ ঘটনাটাই ঘটছে। তবে আমি এটা এই ইউরো আসরেই অবসান ঘটাতে চাই।’