দুঃখজনক বিদায়, স্বল্প সহানুভূতি
আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন ১৯৯৬ সাল থেকে। দীর্ঘ ক্যারিয়ারে পাকিস্তানকে বিশ্বকাপ এনে দিতে পারেননি ঠিক, তবে দেশটির অনেক প্রাপ্তি আর সাফল্যের দাবিদার শহীদ আফ্রিদি। প্রায় ১৫ বছর দেশকে সেবা দেওয়ার পর বোর্ডের ওপর ক্ষুব্ধ হয়ে গতকাল রাতে অবসর নিয়েছেন এই মারকুটে ব্যাটসম্যান। তবে এমন দুঃখজনক বিদায়ের পরও স্বল্প সহানুভূতিইও পাচ্ছেন আফ্রিদি।‘আমি জানি না, ওর এই সিদ্ধান্তটা নেওয়ার কেন প্রয়োজন হলো। আজ ও বোর্ডকে দোষারূপ করছে। অথচ অস্ট্রেলিয়া সফরে যখন বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছিল, বোর্ড ওকে সহায়তা করেছে। এখন সবকিছু ভুলে গেছে আফ্রিদি’—প্রতিক্রিয়ায় বলেছেন সাবেক অধিনায়ক জহির আব্বাস।অবসর ঘোষণার সময় আফ্রিদি উল্লেখ করেন, এই বোর্ডের অধীনে কাজ করার মানসিকতা তাঁর নেই। তবে বোর্ড আফ্রিদিকে প্রাপ্য সম্মান দেয়নি—এমন অভিযোগ মানতে নারাজ আব্বাস, ‘আফ্রিদি যখন দলকে বিশ্বকাপের সেমিফাইনালে নিয়ে গেল, বোর্ড ওকে শুধু পুরস্কৃতই করেনি, যথাযথ সম্মানও দিয়েছে।’আফ্রিদির অবসরের প্রতিক্রিয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ইজাজ বাট বলেন, ‘এটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা তাঁকে দল থেকে বাদ দিইনি, খেলতেও নিষেধ করিনি।’স্পট ফিক্সিং কেলেঙ্কারি, তিনজন তারকা ক্রিকেটারের ওপর নিষেধাজ্ঞা, অধিনায়কত্ব বিতর্ক—সব ছাপিয়ে ‘ভঙ্গুর’ একটা দলকে সদ্যসমাপ্ত বিশ্বকাপের সেমিফাইনালে তোলেন ওয়ানডের সাবেক অধিনায়ক আফ্রিদি। সফল বিশ্বকাপ অভিযানের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে দল নির্বাচন নিয়ে দ্বন্দ্ব হয় কোচ ওয়াকার ইউনুসের সঙ্গে। দেশে ফিরেও কোচ ও দলের ম্যানেজমেন্টের সমালোচনা করেন তিনি। এর ধারাবাহিকতায় অধিনায়কত্ব কেড়ে নেওয়া হলে আয়ারল্যান্ড সফরে যাননি আফ্রিদি। সেই দ্বন্দ্বের চূড়ান্ত পরিণতি—আন্তর্জাতিক ক্রিকেট থেকে আফ্রিদির অবসর। ওয়েবসাইট।