দুঃখটা থেকেই যাবে মুতাইয়ের
ইতিহাস, ঐতিহ্যের কারণে বোস্টন ম্যারাথনের মর্যাদা এমনিতেই অনেক উঁচুতে। জিওফ্রে মুতাই এবারের বোস্টন ম্যারাথনকে দিলেন বাড়তি উজ্জ্বলতা। পরশু ম্যারাথন ইতিহাসের সবচেয়ে কম সময় নিয়ে দৌড় শেষ করেছেন কেনিয়ান এই দৌড়বিদ। ওয়েবসাইট।২০০৮ সালে বার্লিনে ইথিওপিয়ার হাইলে জেব্রেসেলাসি ম্যারাথনের বিশ্ব রেকর্ড গড়েন ২ ঘণ্টা ৩ মিনিট ৫৯ সেকেন্ড সময় নিয়ে। পরশু ১১৫তম বোস্টন ম্যারাথনে মুতাই দৌড় শেষ করলেন তার চেয়েও প্রায় এক মিনিট (৫৮ সেকেন্ড) কম সময়ে—২ ঘণ্টা ৩ মিনিট ১ সেকেন্ডে। গত ২১ বছরে ১৯তম কেনিয়ান হিসেবে বোস্টন ম্যারাথন জিতলেন মুতাই।কিন্তু দুর্ভাগ্য ইতিহাসের সেরা সময় করেও রেকর্ড বইতে নাম উঠছে না তাঁর। কারণ, মুতাইরা দৌড়ানোর সময় বোস্টনের বাতাস ছিল অনুকূল এবং শুরু থেকে শেষের পথে বোস্টনের ট্র্যাক ছিল ঢালু, যা দ্রুত দৌড়াতে সহায়ক হয়েছে বলেই মনে করা হচ্ছে।রেকর্ড বইতে নাম উঠল কি না, এ নিয়ে অবশ্য একদমই মাথা ঘামাচ্ছেন না মুতাই। ২০০৮ সালে মোনাকো ম্যারাথন জয়ী ২৯ বছর বয়সী এই দৌড়বিদ নিজের কাজটা ঠিকঠাক করতে পেরেছেন মনে করেই খুশি। ‘আমি রেকর্ড ভাঙার জন্য এখানে আসিনি। আমার জন্য আজকের আবহাওয়া ছিল চমৎকার। যখন আপনি ভালো ফর্মে থাকবেন, ভালো আবহাওয়া পাবেন এবং কয়েকজনের চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, যারা আপনাকে দ্রুত দৌড়াতে তাড়না দেবে, তখন আপনি ভালো করতে পারবেনই’—বলেছেন মুতাই।বোস্টনে মুতাই যখন ইতিহাস-সেরা সময় করেন, একই দিনে রেকর্ডের মালিক জেব্রেসেলাসি মেতেছিলেন ৩৮তম জন্মদিনের উৎসবে। সময়ের হিসাবে ভেঙে গেলেও কাগজ-কলমে তাঁর রেকর্ডটা অক্ষতই রইল। জন্মদিনে ভিন্ন এক উপহারই পেলেন জেব্রেসেলাসি।মুতাইয়ের সঙ্গে কেনিয়ানদের আনন্দ-উৎসবের উপলক্ষ উপহার দিয়েছেন ক্যারোলিন কিলেলও। মুতাইয়ের পুরুষ ম্যারাথনের চ্যাম্পিয়নের দিনে মহিলা ম্যারাথনে চ্যাম্পিয়ন হয়েছেন কিলেল। সময় নিয়েছেন ২ ঘণ্টা ২২ মিনিট ৩৬ সেকেন্ড।এই জয়ের সুবাদে মুতাই-কিলেল দুজনেই পেয়েছেন দেড় লাখ ডলার করে অর্থ পুরস্কার। কম সময়ে দৌড় শেষ করায় মুতাইয়ের পকেটে উঠেছে বোনাসের টাকাও।