দুঃখটাও সঙ্গে গেল ভারাল্লোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ফুটবল বিশ্বকাপের শেষ জীবিত খেলোয়াড় ফ্রানসিস্কো ভারাল্লো মারা গেছেন গত পরশু। ১৯৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলা এই সাবেক স্ট্রাইকার বেঁচে ছিলেন ঠিক ১০০ বছর। গত বিশ্বকাপের আগে একটি সাময়িকীতে তাঁর স্মৃতিরোমন্থন প্রকাশিত হয়েছিল কলাম আকারে। ভারাল্লোর স্মৃতির সম্মানে সেই কলামের উল্লেখযোগ্য অংশের অনুবাদআমার শুরুটা ডিফেন্ডার হিসেবে, তবে এত বেশি গোল করতাম যে আমার চাচা বলল, আমার সামনে খেলা উচিত। তখন আমার বয়স ১৬। ফরোয়ার্ড হিসেবে খেলা শুরু করার পরই বুঝতে পেরেছিলাম, আমার পজিশন খুঁজে পেয়েছি। জয়সূচক গোল করা, পত্রিকার পাতায় আমার নাম দেখতে খুব ভালো লাগত। এখনো আমি চাই, সবাই আমাকে মনে রাখুক।৮০ বছর পরও ১৯৩০ বিশ্বকাপ ফাইনালটা আমি যতটা না মনে রাখতে চাই, তার চেয়ে বেশিই মনে পড়ে। উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি আমি কোনোভাবেই মনে রাখতে চাই না। আমরা যে ব্যর্থ হয়েছিলাম। আমার সতীর্থরা ম্যাচ জিততে ভয় পাচ্ছিল। উরুগুইয়ানরা আমাদের হুমকি-ধমকি দিয়েছিল, পরিস্থিতি ছিল ভয়ংকর। আমি অবশ্য পাত্তা দিইনি, কিন্তু বেশির ভাগ সতীর্থের অবস্থাটা এমন ছিল না।আমি ফাইনালে নেমেছিলাম হাঁটুর ইনজুরি নিয়ে। ম্যাচের আগে সতীর্থরা হোটেলের পাশের মুরগির খামারে আমার পরীক্ষা নিল। হাঁটু খুব বেশি ঝামেলা করল না, ওরা তাই আমাকে খেলতে বলল। খেলার জন্য আমি মুখিয়ে ছিলাম, যদিও তা আমার উচিত হয়নি।আমাকে ওরা বলত ‘ছোট্ট গোলা’। ম্যাচের দ্বিতীয়ার্ধে একবার বল পেয়ে গায়ের সমস্ত শক্তি দিয়ে শট নিলাম। বল লাগল ক্রসবারে, আমার হাঁটুর অবস্থাও খুব খারাপ হয়ে গেল। আমি খেলে যেতেই থাকলাম। কারণ, সেই সময় বদলি নামানোর নিয়ম ছিল না। ওই হাঁটুর জন্যই মাত্র ২৯ বছর বয়সে আমাকে ফুটবল ছাড়তে হয়েছে, ওই হাঁটুই আমাকে এখনো ভোগায়!সেই সময় দলের সিনিয়র ফুটবলাররাই সব সিদ্ধান্ত নিতেন, কোচ এত গুরুত্বপূর্ণ ছিল না। আমি ছিলাম দলের সর্বকনিষ্ঠ। আমার দলের থাকার কথা অতিরিক্ত হিসেবে। কিন্তু আমি প্রথম ম্যাচে সুযোগ পেয়ে খুব ভালো খেললাম। আক্রমণ ভাগে সে সময় পাঁচজন থাকত। মাঠে গুইলারমো স্টাবিলের সঙ্গে আমার দারুণ বোঝাপড়া ছিল, ও প্রচুর গোল করেছিল।আর্জেন্টিনায় পেশাদার যুগের সূচনা করেছিলাম আমিই। তখন জিমনাসিয়ার হয়ে খেলতাম। একদিন বোকা জুনিয়র্স বাবাকে ডেকে বলল, আমি তাদের হয়ে খেলতে চাই কি না। ওরা আমাকে প্রচুর অর্থ দিতে চাইল, ১০ হাজার পেসো! এই অর্থ দিয়ে সে সময় একটা বাড়ি কিনেও সাত হাজার পেসো বাঁচানো যেত। আমার বাবা এর আগে একসঙ্গে ১০০ ডলারই দেখেননি! জিমনাসিয়ার সমর্থকেরা আমার বাড়িতে পাথর মেরেছিল, কিন্তু বোকাকে না বলতে পারিনি। বোকার হয়ে খেলতে ভালোবাসতাম। প্রচুর গোল করেছি, কিন্তু হেডে গোলই করতে পারতাম না। ক্যারিয়ারে দুই শর বেশি গোল আমার, কিন্তু হেড থেকে খুবই কম।ভেলেজ সার্সফেল্ডের হয়ে আমেরিকার বিভিন্ন প্রান্তে আমি ছয় মাসের এক সফরে গিয়েছিলাম। এটা ছিল অসাধারণ। আমরা গিয়েছিলাম জাহাজে। থেমেছিলাম চিলি, পানামা, পেরু, কিউবা, মেক্সিকো ও নিউইয়র্কে। আমরা অনুশীলন করতাম জাহাজেই। ব্যাপারটাতে এতটাই অভ্যস্ত হয়ে পড়েছিলাম যে মাঠে নামার পরও মনে হতো চারপাশ বুঝি দুলছে!আধুনিক যুগেও আমি খেলতে পারতাম, যদিও আমার ধারণা, ফুটবল এখন অনেক বেশি কঠিন। টিভিতে খেলা দেখি। খেলায় এত ছেদ পড়ে, ভীষণ বিরক্ত লাগে। আমার সময় এমন ছিল না—খেলায় প্রচুর স্বাধীনতা ছিল এবং মনোযোগ থাকত সব সময় আক্রমণে, রক্ষণে নয়। এখন প্রচুর বাজে ট্যাকল ও ফাউল দেখা যায়, যেটা আমি একটুও পছন্দ করি না। কিন্তু গোল দেখতে আমার ভালো লাগে। গোল আমি সব সময়ই উপভোগ করি!এখনো পর্যন্ত আমার দেখা সেরা ফুটবলার হোসে ম্যানুয়েল মরেনো। লোকে এখন ম্যারাডোনার কথা বলে। কিন্তু আমার চোখে মরেনোই সবার সেরা। সে ছিল অদ্ভুত, তার মতো কেউ নেই। আমার দেখা সেরা, তাকেই সবচেয়ে বেশি শ্রদ্ধা ও ভক্তি করি।