দুঃখিত ইংল্যান্ড...৫-০-ই দেখছি আমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিকি পন্টিং
রিকি পন্টিং

অ্যাশেজে সর্বশেষ ধবলধোলাইয়ের নায়ক তিনি। তাঁর নেতৃত্বেই ৮৫ বছর পর ইংল্যান্ডকে ধবলধোলাই করেছিল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের একটি পত্রিকায় লেখা কলামেই রিকি পন্টিং লিখেছেন, এবার ২০০৬-০৭ সিরিজেরই পুনরাবৃত্তি দেখতে পাচ্ছেন তিনি
ইংলিশরা গভীরভাবেই বুঝতে পারছে, ধবলধোলাই এড়ানো এখন খুব কঠিন। মেলবোর্নে ওদের খুব ভালো সুযোগ ছিল ৩-১ করার, কিন্তু যা দেখা গেল, মনে হচ্ছে ওরা ভুলেই গেছে কীভাবে জিততে হয়। ১০ উইকেট হাতে নিয়ে ১০০ রানে এগিয়ে থাকলে মানসিকতা এমন থাকতে হবে যে এখান থেকে আমরা হারতে পারি না। কিন্তু ওদের আত্মবিশ্বাস তো ছত্রখান।
কয়েক মাস আগের কথা ভাবলে এখনকার পরিস্থিতিকে বিস্ময়কর লাগে। মাইকেল কারবেরি পুরোপুরি চরিত্রবিরোধী একটি ইনিংস খেলল, জো রুটকে মনে হচ্ছিল একটু বেশিই নড়বড়ে। ওরা বুঝিয়ে দিচ্ছিল, ওরা পরিস্থিতি বদলানোর আশায় অপেক্ষায় রয়েছে। কিন্তু নিজেদেরই তো বদলাতে হবে!
লোকে অ্যালিস্টার কুকের অধিনায়কত্বকে তুলাধোনা করছে। আমিও একমত যে ওর ভাবার পরিধি একটু বাড়াতে হবে, ধারার বাইরে কিছু ভাবতে হবে। তবে এটাও মাথায় রাখতে হবে যে দীর্ঘদিন ধরেই ওর ভালো একটা বোলিং আক্রমণ ছিল, সে কারণেই বাড়তি খুব একটা ভাবতে হয়নি। এখন অ্যালিস্টার নিশ্চয়ই উপলব্ধি করছে যে দলের জয়ের কৃতিত্ব অধিনায়ক খুব কমই পায়। কিন্তু হারলে সবচেয়ে বেশি তোপ সামলাতে হয় অধিনায়ককেই! অধিনায়ককে এক ধাপ এগিয়ে ভাবতে হবেই, এই দলকে নিয়ে অ্যালিস্টার সেটি করতে পারেনি। তবে সে এখনো যথেষ্ট তরুণ। ছয়টি টেস্ট সিরিজে হারের স্বাদ এই প্রথম। ওর বিকল্পও তেমন নেই। ছেলেটাকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেওয়া উচিত।
তবে স্বীকার করতেই হবে দু-একটি ব্যাপার আমাকে খুব বিস্মিত করেছে। সিরিজের মাঝপথে গ্রায়েম সোয়ানের অবসর বিস্ময়কর। আমি জানি না শরীর ওকে কতটা ভোগাচ্ছে। তবে মনে হলো দু-একজন সতীর্থকে বেশ খোঁচা মেরেছে সে, বিশেষ করে যখন কনুইয়ের চোটের কারণে দ্বিতীয় ইনিংসে খুব বেশি ওভার বোলিং করতে না পারার কথা বলল। ওর ইঙ্গিত হয়তো সতীর্থ ব্যাটসম্যানদের দিকে যারা লড়াইয়ের জন্য যথেষ্ট রান এনে দিতে পারেনি, কিংবা প্রথম ইনিংসে বোলিংয়ের ধকল কাটিয়ে ওঠার জন্য যথেষ্ট সময় দিতে পারেনি। কে জানে, হয়তো ওকে বলা হচ্ছিল যে মেলবোর্নে সে খেলবে না। এ জন্যই হয়তো নিজেই সরে দাঁড়াল আগেভাগে!
আমি মনে করি, সিরিজ থেকে কিছু পেতে হলে ইংল্যান্ডের সিনিয়র ক্রিকেটারদের অবশ্যই এক হয়ে দাঁড়াতে হতো। কিন্তু সেটা হয়নি। ম্যাট প্রায়র বাদ পড়ায় আমি অবাক হয়েছি। উইকেটকিপার হিসেবে জনি বেয়ারস্টোকে লম্বা সময়ের বিকল্প মনে হয়নি বলে। প্রায়রকে কেন পুরো সিরিজটা সুযোগ দেওয়া হলো না! আমার তো মনেহয় না পরবর্তী ইংলিশ গ্রীষ্মের প্রথম টেস্টে বেয়ারস্টোকে গ্লাভস হাতে উইকেটের পেছনে দেখব।
কুক ও নির্বাচকদের এখন ভাবতে হবে কেভিন পিটারসেন, জেমস অ্যান্ডারসনদের কাছ থেকে আরও বছর দুয়েক তারা সেরাটা বের করে আনতে পারবেন কি না। নিশ্চয়ই ২০১৫ সালে পরবর্তী অ্যাশেজেও ওদের চাইবে ইংল্যান্ড। দলের প্রাণভোমরা ওখানেই।
অস্ট্রেলিয়ার সাফল্যের মূলে মিচেল জনসন ও ব্র্যাড হাডিনের অসাধারণ পারফরম্যান্স, সঙ্গে ডেভিড ওয়ার্নার, মাইকেল ক্লার্ক ও রায়ান হ্যারিসেরও দাঁড়িয়ে যাওয়া। সিনিয়র ক্রিকেটাররা সময়ের দাবি মিটিয়েছে, দল হিসেবেও দারুণ ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকায় ছেলেরা কেমন করে, সেটা দেখার জন্য আমি উন্মুখ। মাত্রই জ্যাক ক্যালিসকে হারিয়ে প্রোটিয়ারা শিগগিরই উপলব্ধি করতে শুরু করবে যে দলের সেরা ক্রিকেটার সরে দাঁড়ালে খেলাটা সহজ থাকে না! ইংল্যান্ড সেটা হাতেনাতেই বুঝতে শুরু করেছে। অন্যদিকে অস্ট্রেলিয়াকে মনে হচ্ছে এখন সিঁড়ি বেয়ে উঠতেই থাকবে (একই কথা ভারতের ক্ষেত্রেও, ওরাও দারুণ কিছু তরুণ ব্যাটসম্যান পেয়েছে)।
অস্ট্রেলিয়ার এখনকার লক্ষ্য টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান, সেটি ফিরে পেতে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। আপাতত সিডনিতে অ্যাশেজটা ৫-০ করাই হোক প্রথম লক্ষ্য। পার্থ টেস্ট জিতে অ্যাশেজ নিশ্চিত হওয়ার আনন্দেই কি না মেলবোর্নে ছেলেদের সিরিজে সবচেয়ে নড়বড়ে লেগেছে। শেষ পর্যন্ত শঙ্কাটা কাটিয়ে ওরা জিতেছে। দুঃখিত ইংল্যান্ড, এই মুহূর্তে ৫-০-ই দেখছি আমি!