দুঃখিত ভন, আপনি ভুল বকছেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইকেল ভন
মাইকেল ভন

‘২০০০ সালে টেস্ট খেলার সময় যেমন ছিল, বাংলাদেশ দল তার চেয়ে ভালো করছে না। বরং খারাপই করছে আমার মনে হয়’— মন্তব্যকারীর নাম মাইকেল ভন। টুইটারে এমনই এক মন্তব্য করে বসেছেন সাবেক এ ইংলিশ অধিনায়ক। অবশ্য বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে ইংলিশদের নাকউঁচুভাব নতুন কিছু নয়। এর আগেও বক্রোক্তিতে বাংলাদেশকে আঘাত করার চেষ্টা করেছেন অনেক ইংলিশ ক্রিকেটার। একসময় বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস নিয়ে প্রশ্ন তুলেছিলেন জিওফ বয়কট, মাইক আথারটনের মতো সাবেক ইংলিশ অধিনায়কেরা।

প্রতিটি দলেরই ভালো-খারাপ—দুই পরিস্থিতির মধ্য দিয়েই যেতে হয়। সাম্প্রতিক সময়ে এর সবচেয়ে বড় উদাহরণ ইংল্যান্ডই। গত বছর জুলাই-আগস্টে ঘরের মাঠে অ্যাশেজ সিরিজে ৩-০ ব্যবধানে হারাল অস্ট্রেলিয়াকে। এরপর নভেম্বর-ডিসেম্বরে অস্ট্রেলিয়ার মাঠে ফিরতি অ্যাশেজে ইংল্যান্ডের কী দশা করল মাইকেল ক্লার্কের দল, তা কি ভুলে গেছেন মি. ভন? ইংল্যান্ডকে কেবল টেস্টেই নাস্তানাবুদ করে ক্ষান্ত হয়নি অস্ট্রেলিয়া। টেস্টের পর পালাক্রমে ওয়ানডে, টি-টোয়েন্টি—ক্রিকেটের প্রতিটি সংস্করণে ইংলিশদের উপর্যুপরি নাকাল করে ছেড়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের তখন অবস্থা হয়েছিল, ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি!’ কই, তখন কি কেউ বলেছে, ‘১৮৭৭ টেস্ট খেলার সময় যেমন ছিল, ইংল্যান্ড দল তার চেয়ে ভালো করছে না। বরং খারাপই করছে আমার মনে হয়।’ ক্রিকেটে একটা কথা বেশ প্রচলিত, দর্শক-সমর্থকদের স্মৃতি অনেকটা গোল্ডফিশের মতো। কোনো দল খারাপ করা শুরু করতে থাকলে দু-চার মাস আগের ভালো পারফরম্যান্সও তখন মাথায় থাকে না তাদের। আবেগীয় দৃষ্টিকোণ থেকে দর্শক সেটি ভুলতেই পারেন, কিন্তু আপনার মতো ক্রিকেটবিজ্ঞ সেটি এত দ্রুত ভোলে কী করে?

অস্ট্রেলিয়ার কথা বাদ দেওয়া যাক, ২০১১ বিশ্বকাপের কথা ভুলে গেছেন ভন? চট্টগ্রামে ইংল্যান্ডকে বাংলাদেশ হারিয়েছিল ২ উইকেটে। কিংবা তারও আগে ২০১০ সালে ব্রিস্টলে বাংলাদেশের সেই ঐতিহাসিক ৫ রানের জয়টাও বিস্মৃতির অতল গহ্বরে এত তাড়াতাড়ি যাওয়ার কথা নয়।

গত চার বছরে নিউজিল্যান্ডকে দু-দুইবার ‘বাংলাওয়াশ’ করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতেছে, দুর্দান্ত সাফল্য এসেছে ২০১২ এশিয়া কাপেও। সেবার এশিয়া কাপের ফাইনালে খেলেছে বাংলাদেশ। ফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাত্র ২ রানের পরাজয়টিকে জয়ের সমতুল্য বলা কী ভুল হবে? সে ম্যাচে বাংলাদেশ দলের পারফরম্যান্স কাকে মুগ্ধ করেনি, আপনিই বলুন ভন?

২০১২ মার্চ থেকে ২০১৪ মার্চ—এ দুই বছরে ৭টি ওয়ানডে সিরিজে (দুটি এশিয়া কাপ) ২৫টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। এর মধ্যে জিতেছে ১০টি। এর মধ্যে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পাশাপাশি ২০১৩ সালে শ্রীলঙ্কার মাটিতে সিরিজ ড্রয়ের ঘটনাও রয়েছে। এ বছর শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ হেরেছে প্রতিদ্বন্দ্বিতা করেই। ১২ ফেব্রুয়ারি চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশ হারল ২ রানে। ১৪ ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারল ৩ উইকেটে। দুটি ম্যাচেরই নিষ্পত্তি হয়েছে শেষ বলে। একই দলকে মিরপুরে প্রথম ওয়ানডে ম্যাচে ১৮০ রানে অলআউট করেও ১৩ রানের পরাজয়ের যাতনা সইতে হয়েছে।

এ ছাড়া সদ্যসমাপ্ত এশিয়া কাপে কয়েকটি ম্যাচেই বাংলাদেশ আর জয়ের মাঝখানে ছিল সামান্য ব্যবধানই। ভারতের বিপক্ষে মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে চ্যালেঞ্জিং স্কোর গড়েও বাংলাদেশকে হারতে হয়েছে ৬ উইকেটে। ৯০ রানের মধ্যে আফগানিস্তানের ৫ উইকেট ফেলে দিয়েও ম্যাচের লাগাম ফসকে গিয়েছে হাত থেকে। ৩২৬ করেও হারতে হয়েছে পাকিস্তানের কাছে। বাংলাদেশ টানা পরাজয়ের বৃত্তে আছে ঠিকই, বেশির ভাগ ম্যাচেই একটা সময় পর্যন্ত ম্যাচে আধিপত্য ধরে রেখেছে কিন্তু মুশফিকের দলই। একটা-দুটো মুহূর্ত, একটা-দুটো ইনিংস কিংবা জুটি বাংলাদেশের সব আশা খুন করে ফেলছে।

টেস্টে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্সও ভনের কথার যথার্থ প্রমাণ দেয় না। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠেই ধবলধোলাই করে এসেছিল বাংলাদেশ। হয়তো বলবেন, সে সিরিজে উইন্ডিজ দল পূর্ণশক্তি নিয়ে খেলেনি। কিন্তু রেকর্ড তো আর শক্তিমত্তার কথা বলে না, বলে জয়-পরাজয়ের পরিসংখ্যান। গত বছর গল টেস্টে মুশফিক-আশরাফুলের দুর্দান্ত দুটো ইনিংস ভুলে যাওয়ার নয়। পরিসংখ্যানটাই দেখুন না, সর্বশেষ ৮ টেস্টে বাংলাদেশ জিতেছে একটি, ড্র করেছে চারটি আর হেরেছে তিনটিতে। অন্যদিকে ইংল্যান্ডের সর্বশেষ আট টেস্টের একটিতে জয়, দুটি ড্র আর পাঁচটি হার। নিজের দল নিয়ে কী বলবেন ভন?

আথারটন, যিনি একসময় বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস নিয়ে প্রশ্ন তুলেছিলেন, সেই তিনিই ২০১১ বিশ্বকাপ চলার সময় টাইমস-এ লিখেছিলেন, ‘এই দেশ গরিব হতে পারে; ক্রিকেটের চেতনায় দেশটি অনেক অনেক ধনী!’ ভনও নিশ্চয় এটি জেনে থাকবেন। আর জেনে থাকলে বাংলাদেশের ক্রিকেটচেতনায় আঘাত করে, এমন মন্তব্য করা কি আদৌ উচিত?