দুঃখে কাতর ইমদাদুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ তিরটা মেরেই ল্যারি গডফ্রে আর্চার থেকে ব্যাটসম্যান হয়ে গেলেন! স্ট্যান্স নিয়ে কাল্পনিক ব্যাটে পুল করলেন। দর্শকদের মধ্য থেকে তুমুল হর্ষধ্বনি উঠল। এই অলিম্পিক কী অভাবনীয় ঘটনা ঘটিয়ে দিয়েছে, সেটিও সবাইকে আবার মনে করিয়ে দিলেন ব্রিটিশ আর্চার।লর্ডসের টেরাকোটা সেই বিখ্যাত প্যাভিলিয়নের সামনে দুই পাশে অস্থায়ী গ্যালারি করা হয়েছে। আসন শূন্য পড়ে থাকা নিয়ে অনেক কথা হচ্ছে গত কদিন। এখানে গ্যালারি পরিপূর্ণ। হয়তো ইতিহাসের সাক্ষী হতেই। ক্রিকেটের তীর্থভূমিতে আর্চারি দেখার সুযোগ আর কোনো দিন আসবে কি না, কে জানে!কী ভেবে এমন করলেন? ল্যারি গডফ্রে বললেন, ‘আগে থেকে ভেবে অমন করিনি। স্বতঃস্ফূর্তভাবেই এমন করেছি। খেলাটা লর্ডসে না!’ ক্রিকেটের খুব ভক্ত। একটু আগে যাঁকে হারিয়ে আর্চারির ব্যক্তিগত ইভেন্টে সেরা ৩২-এ উঠে গেলেন, সেই ইমদাদুল হক মিলন সম্পর্কে ছোট্ট মন্তব্য, ‘হি ইজ আ গুড ল্যাড।’সেই ‘গুড ল্যাড’-ও লর্ডসের মাহাত্ম্য জানেন। ‘অলিম্পিক, লন্ডন, লর্ডস—একই সঙ্গে আমার তিনটি স্বপ্ন পূরণ হয়েছে’—স্বপ্নপূরণের আনন্দের প্রকাশ অবশ্য চোখেমুখে নেই। লক্ষ্যটা যে পূরণ হয়নি। লক্ষ্যটা ছিল অনেক বড়। অবাস্তবও বলতে পারেন। তা বিশ্বের সেরা দশের মধ্যে থাকার মতো এত বড় আশা কীভাবে করেছিলেন ইমদাদুল? ‘দেশে প্র্যাকটিসে যেভাবে স্কোর করছিলাম, তাতে এটি অসম্ভব মনে হয়নি।’দেশে তো প্র্যাকটিস করেছেন, আর এখানে অলিম্পিকের মতো আসরে প্রতিযোগিতায় নামা। ইমদাদুল অবশ্য মনে করেন না যে সেটিই পার্থক্য গড়ে দিয়েছে। পার্থক্যটা হয়েছে বাতাসে, ‘এমন বাতাসে কখনো খেলিনি। মারার সময় বাতাসে শরীরটাই ঘুরে যাচ্ছিল।’ এখানে এসে মাত্র তিন-চার দিন প্র্যাকটিসের সুযোগ পেয়েছেন। এ নিয়েই আক্ষেপ ইমদাদুলের, ‘তিন-চার দিনে কি এর সঙ্গে মানিয়ে নেওয়া যায়? বিকেএসপিতে আমি যেখানে প্র্যাকটিস করি, সেটি খোঁয়াড়ের মতো। কালবৈশাখী হলেও সেখানে বাতাস ঢুকবে কি না সন্দেহ।’শুধু কি বাতাস! প্রতিপক্ষ স্বাগতিক দলের, পুরো গ্যালারি তাঁর সমর্থনে চিৎকার করছে। এটিও তো কম বড় প্রতিপক্ষ ছিল না। বাংলাদেশের কয়েকজন সমর্থকও ছিলেন। তাঁদের একজন বললেন, ‘ও কীভাবে পারবে? পুরো গ্যালারি ওর বিপক্ষে। আমরা শুধু দু-তিনজন ওর সমর্থনে চিৎকার করে গেলাম। আমি তো শুধু আল্লাহকে ডাকছিলাম, ও যেন বোর্ডের বাইরে না মারে!’ বক্তা এই মাঠে টেস্ট খেলেছেন। নাম মোহাম্মদ আশরাফুল। গত পরশু লর্ডসে তাঁর সঙ্গীও ক্রিকেটার—মোশাররফ হোসেন। আশরাফুল লন্ডনের উপকণ্ঠে কেন্ট প্রিমিয়ার লিগ খেলছেন, মোশাররফ ডারহামের কোন লিগে। লর্ডসে আর্চারি, তাতে আবার বাংলাদেশের প্রতিযোগী—এই টানেই ছুটে এসেছেন দুজন।জোড়া ঠিক করার জন্য ৬৪ জন আর্চার যেদিন র‌্যাঙ্কিং প্রতিযোগিতায় নামলেন, সেদিনও বাতাসে সমস্যা হওয়ার কথা বলেছিলেন ইমদাদুল। মিল আছে আরেকটি। দুই দিনই ক্রমেই খারাপ হয়েছে ইমদাদুলের পারফরম্যান্স। ৭০ মিটার দূরের বোর্ডে তির লাগানোর খেলা। মাঝখানের বৃত্তে মারতে পারলে ১০ পয়েন্ট। যত দূরে লাগবে, এক-এক করে পয়েন্ট কমবে। গত পরশু প্রথম সেটে তিনটি শটের দ্বিতীয়টিতে ১০ মেরেছিলেন। এর আগে-পরে ৭ ও ৯। সেই সেট গডফ্রে জিতেছেন ২৯-২৬-এ। কিন্তু পরের দুটি সেটে ইমদাদুল সর্বোচ্চ ৯-ই মারতে পারলেন দুবার। গডফ্রে দুবার ১০ বার মারলেন, তিনবার ৯, অন্যবার ৮। চূড়ান্ত স্কোর ২৭-১৮, ২৮-১৯। আর্চারিতে এক সেট জিতলে ২ পয়েন্ট। গডফ্রে তাই জিতে গেলেন ৬-০ পয়েন্টে।বাংলাদেশের কোনো অ্যাথলেট অলিম্পিকে এলে অলিম্পিয়ান হতে পারাটাকেই মহার্ঘ্য মানেন। ইমদাদুলকে মনে হলো ব্যতিক্রম। ভালো করতে না-পারার আক্ষেপটা তাঁর যাচ্ছেই না, ‘আমি ইয়ুথ অলিম্পিকে অংশ নিয়েছি। এবার অলিম্পিকেও খেললাম। কিন্তু মনটা খুব খারাপ। ভালো রেজাল্ট হলে আনন্দ করতে পারতাম।’আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজীবউদ্দিন আহমেদ অবশ্য যা হয়েছে, তাতেই খুশি। বাংলাদেশের কোনো আর্চার অলিম্পিকে খেলছে—এটাই যে তাঁর কাছে স্বপ্নপূরণের মতো ব্যাপার। বছর সাতেক আগে এই ভদ্রলোকের প্রায় একক প্রচেষ্টাতেই বাংলাদেশে খেলাটা শুরু হয়। এর মধ্যে অন্য অনেক খেলার চেয়ে বেশি প্রতিশ্রুতির স্বাক্ষরও রেখেছে আর্চারি। কিন্তু এগিয়ে যাওয়ার পথে অনেক বাধা। ‘এখানে লর্ডসে খেলা হচ্ছে। কিন্তু আমরা যদি বঙ্গবন্ধু স্টেডিয়ামে আর্চারি করতে চাই, পারব? ঢাকায় আর্চারদের প্র্যাকটিস করারই তো কোনো জায়গা নেই।’ আক্ষেপ করলেন রাজীবউদ্দিন।এই আক্ষেপ আছে ইমদাদুলেরও। ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত অনূর্ধ্ব-২০ বছর বয়সীদের মধ্যে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১ নম্বর ছিলেন। সেটিই হয়তো বড় স্বপ্ন দেখাতে শিখিয়েছে। এখানে এসে বিখ্যাত সব আর্চারের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। অলিম্পিক থেকে তাই একেবারে শূন্য হাতে ফিরছেন বলে মনে করেন না, ‘ওরা কীভাবে প্র্যাকটিস করে দেখেছি, ওরা কেমন আত্মবিশ্বাসী দেখেছি, ওদের চালচলন থেকেও অনেক কিছু শিখেছি। এটা আমাকে সাহায্য করবে।’অলিম্পিক-অভিজ্ঞতা তো হলো। চার বছর বাংলাদেশের জন্য অলীক স্বপ্ন হয়ে থাকা অলিম্পিক পদক কি এনে দিতে পারবেন? অন্য কেউ হলে প্রশ্নটা হয়তো এড়িয়ে যেতেন। কিন্তু এই ছেলে অন্য ধাতুতে গড়া। অবলীলায় তাই বলে দিলেন, ‘আমাকে সব ধরনের সাপোর্ট দিলে অবশ্যই পারব। বাঙালি পারে না, এমন কোনো কাজ নাই।’