দুঃখের একচিলতে মেঘ উঁকি দিয়েই হারিয়ে গেল। বেশ আনন্দ নিয়েই উদ্যাপন করলেন। ব্রোঞ্জ হয়তো তাঁর গলায় মানায় না। কিন্তু পেছনে যে দুঃসময় ফেলে এসেছেন, তাতে ব্রোঞ্জও খারাপ নয়। তা ছাড়া লন্ডন থেকে তো একেবারেই হতাশ হয়ে ফিরছেন না। ১০ হাজার মিটার দৌড়ের সোনা গলায় উঠেছে। দুঃখ তবু একটু থাকল; বেইজিংয়ের কীর্তির পুনরাবৃত্তি করতে না পারার। সেবার ‘ডাবল’ জিতেছিলেন। এবার একটি সোনা আর একটি ব্রোঞ্জ নিয়ে দেশে ফিরছেন তিরুনেশ দিবাবা।৫ হাজার মিটারে বন্ধুর সঙ্গেই তাঁর ‘শত্রুতা’। সতীর্থ মেজেরেট ডেফারের সঙ্গে এটা নিয়ে তাঁর লড়াই চলছে সেই এথেন্স অলিম্পিক থেকে। এথেন্সে ডেফার জিতেছিলেন সোনা, তিনি ব্রোঞ্জ। বেইজিংয়ে তিনি জিতলেন সোনা, ডেফার ব্রোঞ্জ। এবার পাল্লা ঘুরে গেল ডেফারের দিকে। ১৫ মিনিট ৪.২৫ সেকেন্ড সময় নিয়ে ডেফার জিতলেন সোনা, ১৫ মিনিট ৫.১৫ সেকেন্ড সময় নিয়ে দিবাবা ব্রোঞ্জ। রুপা জিতেছেন কেনিয়ার ভিভিয়ান চেরুইয়ট। গত বছর দেগু বিশ্ব চ্যাম্পিয়নশেপ ‘ডাবল’ জিতলেও এবার একটা রুপা আর একটা ব্রোঞ্জই সান্ত্বনা চেরুইয়টের। অলিম্পিক সোনা অধরাই থাকল।তিনটি অলিম্পিক সোনার সঙ্গে চারটি বিশ্ব চ্যাম্পিয়নশিপের মুকুট—সর্বকালের সেরা নারী দূরপাল্লার দৌড়বিদের আসনটি আরও পোক্ত করলেন দিবাবা। কিন্তু এই ব্রোঞ্জ যে তাঁকে অতৃপ্তি দিচ্ছে, সেটা লুকানোর কোনো চেষ্টাই করেননি, ‘আমি খুব একটা খুশি নই। খুব ভালো চেষ্টা করেছি, কিন্তু আমি ব্রোঞ্জের জন্য দৌড়াই না। খানিকটা হতাশ। তবে ঠিক দুঃখ-ভারাক্রান্তও নই। অন্তত একটা পদক তো জিতেছি।’ চেরুইয়টের দুঃখ আরও বেশি। শুরু থেকেই ডেফারের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছিলেন। শেষ পর্যন্ত হেরেছেন দশমিক ৫ সেকেন্ডের ব্যবধানে। এক সেকেন্ডের অর্ধেকটা সময়ই তাঁকে বঞ্চিত করল আজন্ম আরাধ্য অলিম্পিক সোনা থেকে। তার পরও সান্ত্বনা খুঁজছেন তিনিও, ‘ডেফারের ঠিক দুই ধাপ পেছনেই ছিলাম। কিন্তু ও যখন শেষ জোরটা লাগাল, বুঝে গেলাম, কিছুই আর করার নেই। তার পরও আমি তৃপ্ত। গত সপ্তাহে ব্রোঞ্জ জিতেছি, আজ রুপা। অলিম্পিকের আগে ভালো প্রস্তুতি নিতে পারিনি। চোটের সমস্যাও ছিল। কিন্তু তার পরও এমন কিছু অর্জন করেছি, যেটা আমার কাছে অনেক দামি।’স্বাভাবিকভাবেই ডেফার এদিন ছিলেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষদের একজন। এই ২৮ বছর বয়সী ইথিওপিয়ান বলেছেন, ‘আমি খুবই খুশি। এটা আমার জন্য স্মরণীয় এক দিন। ২০০৮ অলিম্পিকের পর থেকে এমনভাবে প্রস্তুতি নিচ্ছিলাম, যেন আমি অলিম্পিকে কিছুই জিতিনি। এদিনের অপেক্ষায় ছিলাম অনেক দিন। আগের দুটি অলিম্পিক পদক জিতেছি, এটা আমার তৃতীয়। জানি না, চার নম্বর পদকটি আর জেতা হবে কি না। তাই এই পদকটার গুরুত্ব আমার কাছে অনেক।’ এএফপি।