দুঃসংবাদ দিয়ে যাচ্ছে 'এ' দলও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিষেক চারজনের, এঁদের একজনের বয়স আবার ১৬। একটি, দুটি ও তিনটি ম্যাচ খেলা ছিলেন তিনজন। আন্তর্জাতিক অভিজ্ঞতা শুধু দিমিত্রি মাসকারেনহাসের, নিয়মিত একাদশের ছিলেন আর শুধু লিয়াম ডসন। ৬ আগস্ট সাউদাম্পটনে এই ছিল হ্যাম্পশায়ারের একাদশ। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে নিজেদের ‘এ’ দলও নয়, হ্যাম্পশায়ার খেলিয়েছিল সম্ভবত নিজেদের ‘বি’ দল। বাংলাদেশের একাদশে টেস্ট ক্রিকেটারই নয়জন। আরও একজনের (ফরহাদ রেজা) ছিল আন্তর্জাতিক অভিজ্ঞতা, বাকিজনও (মার্শাল আইয়ুব) পেয়েছেন জাতীয় দলের স্বাদ। এই দলটাও হেরেছে হ্যাম্পশায়ারের ওই ‘বি’ দলের কাছে!
ইংল্যান্ড সফরে সেটা ছিল ‘এ’ দলের প্রথম ম্যাচ। ভিন্ন কন্ডিশন, ভ্রমণক্লান্তি এসবকে না হয় অজুহাত দাঁড় করানো গেল। কিন্তু পরের চার ম্যাচেও তো প্রথম ম্যাচেরই পুনরাবৃত্তি! পাঁচ ম্যাচে শুধু ইয়র্কশায়ারই খেলিয়েছে সেরা দলের কাছাকাছি একটি দল। নটিংহামশায়ার অভিষেক করিয়েছে তিনজনকে, এমনকি দুর্বল উস্টারশায়ার পর্যন্ত খেলিয়েছে তরুণ এক দল। কিন্তু সব ম্যাচই হেরেছে ‘এ’ দলের মোড়কে বাংলাদেশের ‘প্রায়’ জাতীয় দল।
মাঠের বাইরে যখন দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দুঃসময়, কোনো সুখবর দিতে পারছে না তখন মাঠের ক্রিকেটও। ইংল্যান্ডেই ত্রিদেশীয় টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কঠিন কন্ডিশনে, ইংল্যান্ড-পাকিস্তানের কাছে যুবাদের এই হারকে খুব অপ্রত্যাশিত বলা যায় না। কিন্তু কাউন্টি দলগুলোর দ্বিতীয়-তৃতীয় একাদশের কাছে বাংলাদেশ ‘এ’ দলের একের পর এক হার মেনে নেওয়া কষ্টকরই। বিশেষ করে ফরম্যাট যখন ৫০ ওভারের ম্যাচ, যে সংস্করণে এখন সবচেয়ে ধারাবাহিক বাংলাদেশ দল।
হ্যাম্পশায়ারের কাছে ৮ রানে হেরে শুরু; এরপর ইয়র্কশায়ার, ল্যাঙ্কাশায়ার, নটিংহামশায়ার ও উস্টারশায়ারের বিপক্ষেও হেরেছে ‘এ’ দল। আগামীকাল ব্রিস্টলে শুরু তিন ম্যাচের সিরিজে ইংল্যান্ড লায়নসও শক্তিশালী দল খেলাবে না নিশ্চিত। তার পরও ভালো কিছুর আশা করা যাচ্ছে না!
‘এ’ দলের পারফরম্যান্সে হতাশ মুশফিকুর রহিমও। ইংল্যান্ডে টিম ম্যানেজমেন্টের সঙ্গে নিয়মিতই কথা হচ্ছে বাংলাদেশ অধিনায়কের। কাল জাতীয় দলের মূল কোচ শেন জার্গেনসেনের সঙ্গেও কথা হয়েছে ‘এ’ দল নিয়ে। চার ম্যাচের ময়নাতদন্তে মুশফিকের কাছে হারের কারণ, ‘জানি, ওরা সবাই “বি” টিম খেলাচ্ছে। আসলে যেদিন আমাদের ব্যাটিং ভালো হচ্ছে, সেদিন বোলিং ভালো হচ্ছে না। বোলিং ভালো হলে ব্যাটিং নয়। তিনটি বিভাগে একসঙ্গে ভালো খেলতে পারছি না আমরা। অনেক দিন খেলার বাইরে থাকার কারণে এটা হতে পারে।’
মুশফিকের দাবি এক দিক থেকে ঠিকই। প্রথম দুই ম্যাচে প্রতিপক্ষকে ২২৩ ও ১৯৮ রানে বেঁধে ফেলেছিলেন বোলাররা, এই রানও টপকাতে পারেননি ব্যাটসম্যানরা। তৃতীয় ম্যাচে অল আউট ১৭১ রানে। পরের দুই ম্যাচে ২৯২ ও ২৭৪ রানের পুঁজিও যথেষ্ট হয়নি বাজে বোলিং-ফিল্ডিংয়ে। ‘এ’ দলের ম্যাচে এমনিতে দলের জয়-হার কখনোই খুব একটা গুরুত্বপূর্ণ নয়। ব্যক্তিগত পারফরম্যান্সই এখানে মুখ্য। কিন্তু দুর্দান্ত কোনো ব্যক্তিগত পারফরম্যান্স নেই বলেই দলের ব্যর্থতা চোখে পড়ছে বেশি করে। এনামুল হকের একটি সেঞ্চুরি ও ফিফটি, জিয়াউর রহমানের সেঞ্চুরি আর শামসুর রহমানের দুটি ফিফটি ছাড়া ব্যাটে বলার মতো রান নেই। বোলিংয়েও ধারাবাহিক নয় কেউই। জাতীয় দলে ফেরা বা নিজের অবস্থানটা পোক্ত করার দাবিটা জানাতে পারেননি জহুরুল, নাঈম, ইমরুল, রকিবুল, মার্শালরা।
হতাশার ভিড়ে ম্যাচ অনুশীলনটাকেই এখন একমাত্র ইতিবাচক মনে করছেন মুশফিক, ‘রেজাল্ট যা হচ্ছে, ওরা এতটা হতাশ করবে আশা করিনি। তবে “এ” দল কিন্তু অনেক দিন পর দেশের বাইরে খেলতে গিয়েছে। অন্তত ম্যাচ খেলার সুযোগ তো পাচ্ছে। ইংল্যান্ড লায়ন্সের সঙ্গে আশা করি ওরা ভালো খেলবে। আর এই দলের যে কয়জন নিউজিল্যান্ড সিরিজে থাকবে, ওদের জন্যও ভালো হবে। এই ম্যাচ প্র্যাকটিসটা তখন কাজে লাগবে।’
আপাতত প্রাপ্তি মনে হচ্ছে এটাকেই।