দুঃসময় কাটছেই না চেলসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ভূতটা তাড়াল আর্সেনাল। দুই মূল প্রতিপক্ষ চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ১২ ম্যাচে প্রথম জয়টি তুলে নিল আর্সেন ওয়েঙ্গারের দল। চেলসির বিপক্ষে ৩-১ গোলের দুর্দান্ত এই জয় এল দুই বছর পর। এই জয় দিয়ে চেলসিকে চারে নামিয়ে আর্সেনাল উঠে এল ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দুইয়ে।চেলসির গোলটি করেছেন ব্রানিস্লাভ ইভানোভিচ। তাঁর ৫৭ মিনিটের এই গোলের আগেই অবশ্য ম্যাচের ভাগ্য প্রায় ঠিক হয়ে গিয়েছিল। ততক্ষণে তো আর্সেনাল দিয়ে বসেছে তিন গোল। প্রথমার্ধের শেষ মুহূর্তে অ্যালেক্স সং। এরপর দ্বিতীয়ার্ধে দুই মিনিটের ব্যবধানে সেস ফ্যাব্রিগাস (৫১ মিনিট) ও থিও ওয়ালকটের (৫৩) গোল। দুর্দান্তভাবে লিগে শুরু করা চেলসি খোঁড়াচ্ছেই।লিগে চেলসির শেষ জয়টি প্রায় দুই মাস আগে নভেম্বরের শুরুতে ফুলহামের বিপক্ষে। পরের ছয় ম্যাচে তিনটি হার, তিনটি ড্র। গত আট ম্যাচেই আসলে চেলসি পেয়েছে মাত্র ছয় পয়েন্ট, ১৯৯৮ সালের পর এমন বাজে সময় তাদের আর আসেনি।এই পরাজয়ের পর কার্লো আনচেলত্তির ছাঁটাইয়ের গুঞ্জন আরও ভারী হলো। গত তিন বছরে পঞ্চম কোচ হয়ে আসা এই ইতালিয়ান অবশ্য দাবি করলেন, চাকরি নিয়ে তিনি উদ্বিগ্ন নন, ‘না, আমি উদ্বিগ্ন নই। আমাদের মনোযোগ ধরে রেখে কাজ করে যেতে হবে। চাকরি নিয়ে নয়, আমি উদ্বিগ্ন গত ছয় ম্যাচে জয় না পাওয়ায়। আমার উদ্বেগ, দলকে যেভাবে খেলাতে চাচ্ছি, সেভাবে খেলাতে না পারা নিয়ে।’গত বছর দলের ভার নিয়েই তিন বছর পর লিগ শিরোপা জেতানোর কথাও স্মরণ করিয়ে দিতে ভোলেননি আনচেলত্তি, ‘জানি না, আব্রামোভিচ (ক্লাব মালিক) কী ভাবছেন। অবশ্যই তিনি খুশি নন। জানি না, তিনি কত দিন ধৈর্য ধরে রাখতে পারবেন। তবে চেলসি ভালো খেলবে—এই আশ্বাস আমি দিচ্ছি। পাঁচ-ছয় ম্যাচ না জেতার দল তো আর চেলসি নয়।’চেলসি শিরোপার দৌড় থেকে ছিটকে যাচ্ছে কি না, এমন আলোচনাও উঠেছে এই পরাজয়ে। ওদিকে আর্সেনাল কোচ ওয়েঙ্গার মনে করছেন, এই জয় হয়তো দলকে এনে দেবে শিরোপা জেতার আত্মবিশ্বাস, ‘এই জয়টা অনেক বড় প্রভাব ফেলতে পারে। নিজেদের মাঠে বড় দলকে হারানোর প্রভাব লিগে পড়েই। মানসিকভাবেও এই জয় গুরুত্বপূর্ণ। কারণ, বড় ম্যাচে আমাদের জেতার মানসিকতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছিল।’ এএফপি।